আমার আসল উদ্দেশ্য সফল জনপ্রতিনিধি হওয়া-আরিফ খান জয়
ফুটবলকে এখনো বিদায় জানাননি। তার আগেই রাজনীতির মাঠেও মহীরুহ হয়ে আত্মপ্রকাশ করতে চান বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয়। এবার জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা সদর-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন জনগনের সেবক হিসেবে অধরা স্বপ্নগুলো সফল করার জন্য। বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে টেলিফোনে অনেক কথাই বলেছেন জয়। এখানে রাজনীতি ও স্বপ্ন নিয়ে জয়ের যত না বলা কথা:
প্রশ্ন: আপনার রাজনীতিতে নামার ইচ্ছা হলো কেন ? বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে যখন পচন ধরেছে বলে বলা হচ্ছে...
জয়: ‘পচন ধরেছে’ বলে প্রথাগত রাজনীতির কথাই বোঝাচ্ছেন আপনি। কিন্তু আমি তো সেই রাজনীতি করবো বলে আসি নি। একটু পেছনে ফিরে তাকালে দেখবেন, দেশপ্রেম ও আদর্শের রাজনীতি-চর্চাও ছিল এদেশে। সুতরাং সময়টা এখন খারাপ হলেও ভবিষ্যতে চাকা উল্টোদিকে ঘুরবে না তা কে বলতে পারে। তা ছাড়া আমি রাজনীতি করি ছাত্রজীবন থেকেই। ’৯০-এর দশকে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় কলেজ সংসদের সাধারণ সম্পাদক ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অতটা সক্রিয় না থাকলেও রাজনীতি আমাকে টানে সবসময়। কারণ বোধহয় ছোটবেলা থেকেই একটা রাজনৈতিক পারিবারিক পরিমন্ডলে বেড়ে ওঠা। ফুটবল খেলে যেমন দেশকে কিছু দেয়ার চেষ্টা করেছি, এখন এলাকার মানুষের জন্যও কিছু করতে চাই। তা করতে গেলে, সবার হয়ে কথা বলতে গেলে একটা প্ল্যাটফর্ম দরকার এবং সেই প্লাটফর্মটাই দিতে পারে রাজনীতি।
প্রশ্ন: আপনি বলছিলেন রাজনৈতিক পরিমন্ডলে বেড়ে ওঠার কথা। এ সম্পর্কে একটু বলবেন?
জয়: আমাদের পরিবারটা বরাবরই রাজনীতি ও ক্রীড়া-মনস্ক। আমার দাদা-নানারা মুসলিম লিগ করতেন। আমার দাদা অ্যাডভোকেট ফজলুর রহমান খান আওয়ামী লীগের সাংসদ ছিলেন আর মা ছিলেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারন সম্পাদক।
প্রশ্ন: নেত্রকোণায় আওয়ামী লীগের আরো অনেক রাজনৈতিক ব্যাক্তিত্ব আছেন। তাদের বাদ দিয়ে আপনাকে মনোনয়ন দেওয়াটাকে কীভাবে ব্যাখ্যা করবেন ?
জয়: ছোটবেলা থেকেই নেত্রকোণার মানুষের সঙ্গে আমার ভালো যোগাযোগ। অনেক দিন ধরেই বিভিন্ন সামাজিক উৎসব-অনুষ্ঠানের সঙ্গে জড়িত থেকে নিজেকে অন্যভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। এর বাইরে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক হিসেবেও বোধহয় লোকজন আমাকে পছন্দ করে। হয়তো সেটাকেই প্রধান্য দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। কারণ তিনিও ক্রীড়া-প্রেমী এবং ক্রীড়া-পরিবারের সন্তান। সে কারণে বিগত দিনে চুন্নু ভাই ও বাদল দা-কেও মনোনয়ন দিয়েছিলেন তিনি।
প্রশ্ন: ফুটবলার সৈয়দ আশরাফ উদ্দিন চুন্নু ও বাদল রায় কিন্তু জিততে পারেননি। তার মানে, ইতিহাস আপনার বিপক্ষে।
জয়: এটা একটা চাপ, তবে ইতিহাস নতুন করে লেখা হতেই পারে। আমার মূল প্রতিদ্বন্দ্বী চার দলীয় জোটের আশরাফ উদ্দিন খানকে খাটো করে দেখছি না। তবে আমার বিশ্বাস আমি জিতব।
প্রশ্ন: কিন্তু দেশে প্রথমবারের মতো পেশাদার লিগ হচ্ছে, তাতে আপনি খেলবেন আবাহনীর অধিনায়ক হয়ে। ধরুন, বিকালে আপনার খেলা, ওদিকে সংসদ অধিবেশন চলছে, তখন দুদিক সামাল দেবেন কিভাবে ?
জয়: দেখেন গোবিন্দ মুম্বাই সিনেমার নয়ক এবং সাংসদও। আসাদুজ্জামান নূর সাংসদ হয়েও নাটক করা ছেড়ে দেননি, ক্যালিফোর্নিয়ার গর্ভনর হয়েও শোয়ার্জনেগার অভিনয় করে যাচ্ছেন। তাই আমার মনে হয়, মানুষের ইচ্ছা থাকলে সব ভালো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে। মাঠে খেলে আবাহনীকে কতটুকু সাহায্য করতে পারব জানি না, তবে মাঠের বাইরে থাকলেও আবাহনীর সঙ্গে আছি মনে-প্রাণে। সবচেয়ে বড় কথা, এবার আবাহনী ভালো দল গড়েছে এবং এবার অনেকটা ভবিষ্যতের আবাহনী গড়ার কাজও হয়ে গেছে।
প্রশ্ন: ফুটবল ছেড়ে রাজনীতিতে আসাটা কী একটু ঝুঁকিপূর্ণ হয়ে গেল না ? নতুন প্রজন্ম যে কোনো রাজনীতিবিদকে রোল-মডেল হিসেবে গ্রহণ করতে চায় না!
জয়: আমি নিজেকে ঠিক পথে রাখতে পারলে কোনো ঝুঁকি দেখি না। আরেকটা কথা, জয়-এর জন্ম ফুটবলার হিসেবে এবং মৃত্যুও হবে একই পরিচয়ে। মাঝের বিশেষণগুলো শুধু জীবনের প্রয়োজনে।
প্রশ্ন: আপনি নিজেও জানেন, দেশের ফুটবলের অবস্থা এখন খুবই করুণ। একজন ফুটবলার সংসদ সদস্য হলে কী ফুটবলের চিত্রটা পাল্টাবে ?
জয়: একজন ফুটবলার হয়ে ফুটবলের উন্নয়নের জন্য কাজ করা আমার কর্তব্য। আওয়ামী লীগ সরকার গঠন করলে ফুটবলের জন্য বিশেষ বরাদ্দের চেষ্টা করব। আরেকটা পরিকল্পনা হচ্ছে, ফুটবল ফেডারেশনের কমিটির ৭৫ শতাংশ জায়গা হবে ফুটবলারদের জন্য। বাকি ২৫ শতাংশ অন্যদের। কারণ, আমি বিশ্বাস করি, ফুটবলাররা কখনো ফুটবলের ক্ষতি করতে পারে না এবং তারা অন্যদের চেয়ে ভালো করে বুঝতে পারে ফুটবলের অসুখ কোথায়।
প্রশ্ন: আপনার দলের ক্ষমতায় যাওয়ার ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী ?
জয়: কোনো অঘটন না ঘটলে অবশ্যই ক্ষমতায় যাবে আওয়ামী লীগ।
প্রশ্ন: আপনার দলের জনস্বার্থে এমন কী ভালো কাজ আছে যা ভোটারদের প্রভাবিত করবে ?
জয়: বিরোধী দলে থেকে মানুষের জন্য ওভাবে কাজ করা যায় না। গত সরকারের দুর্নীতি ও ব্যর্থতার জন্যই মানুষ এবার আওয়ামী লীগকে চায়।
প্রশ্ন: খেলাফত মজলিসের সঙ্গে আওয়ামী লীগের চুক্তি যে চারদিকে সমালোচিত হচ্ছে ...
জয়: এ সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে চাই না। মানুষ জানে, আওয়ামী লীগ কোন ধারার রাজনীতি করে এবং কোন আদর্শে বিশ্বাস করে। ভবিষ্যৎই এর জবাব দেবে।
প্রশ্ন: আপনি বলছিলেন প্রথাগত রজানীতির বাইরে গিয়ে আদর্শ ও দেশপ্রেমের রাজনীতির কথা। কিন্তু আপনি হারলে বা জিতলে কি প্রতিপক্ষের সঙ্গে গিয়ে কোলাকুলি করতে পারবেন ?
জয়: সেটা আমাকে পারতেই হবে। নইলে এতদিন খেলার মাঠে কাটিয়ে কী শিখলাম? আমার আসল উদ্দেশ্য শুধু নির্বাচনে জেতা নয়, সফল জনপ্রতিনিধি হওয়া।
