২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট মাঠ থেকে পুরোদস্তুর রাজনীতির মাঠে

একসময় তাকে সামনে নিয়ে মাঠে নামতো বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু এখন তাকে পাওয়া যায় মিছিলের সামনে। রাজনৈতিক সেসব মিছিলে তার জন্য ভোট চাওয়াও শুরু হয়ে গেছে সোমবার থেকে। কারণ সেদিনই নাঈমুর রহমান দুর্জয়কে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছে। মানিকগঞ্জ-১ আসনের (ঘিওর ও দৌলতপুর থানা) মনোনয়নপত্র জমা দেয়া এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ মঙ্গলবার সারাদিনই ব্যস্ত রেখেছে বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ককে। সেই ব্যস্ততাশেষে সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে নাঈমুর বলেছেন ক্রিকেট মাঠ থেকে পুরোদস্তুর রাজনীতির মাঠে নেমে পড়ার পেছনের কারণ। বলেছেন আরো অনেক কথা, যার মাঝে খুঁজে পাওয়া যাবে রাজনীতিক নাঈমুরকেও

ক্রীড়া প্রতিবেদক

মাসুদ পারভেজ,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2006, 10:16 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

প্রশ্ন : রাজনীতিতে জড়াবেন, এই চিন্তাটা প্রথম কবে মাথায় এসেছিল?

নাঈমুর : এ প্রশ্নের সত্যিকারের উত্তরটা আমি কখনো দেইনি। এতদিন অন্য কথাই বলে এসেছি। কিন্তু আজ সত্যি কথাটা বলবো। রাজনীতির কারণে বাংলাদেশ দল থেকে যেদিন বাদ পড়ে যাই, সেদিনই প্রথম রাজনীতিতে জড়ানোর কথা ভাবি। এদেশের মিডিয়াও আমার বাদ পড়ার পেছনের কারণটা আঁচ করতে পেরেছিল। অনেক সাংবাদিকই আমাকে এ বিষয়ে প্রশ্ন করেছেন তখন। আমি ওই প্রসঙ্গ সযত্মে এড়িয়ে গেছি বারবারই। চেপে রাখা কষ্টের কথা মিডিয়াকে এই প্রথম বললাম।

প্রশ্ন : আপনার দল ক্ষমতায় গেলে এবং আপনি নির্বাচিত হলে কি এর জবাব দেবেন? এদেশে তো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার বিষয়টা বেশ প্রচলিত .......

নাঈমুর : সোজাসাপ্টা বলে দিতে চাই, এমন রাজনীতি আমার দ্বারা হবে না। রাজনৈতিক প্রতিহিংসা কী জিনিষ, তা আমার চেয়ে ভালো আর কে জানে? আমার ক্রিকেট জীবনটা তো ওই আগুনে পুড়েই শেষ হয়ে গেল। সেই আগুনে যাতে আর কেউ না পোড়েন, সেজন্যই আমাকে সচেষ্ট হতে দেখবেন। দল ক্ষমতায় গেলে হয়তো দেশের ক্রিকেট নিয়ে কাজ করার সুযোগ পাবো। সুযোগ পেলে এই ‘প্র্যাকটিসটা’ আমি হতে দেবো না। শুধু ক্রিকেটই নয়, অন্য ফেডারেশনগুলোতেও এই প্র্যাকটিসটা বন্ধ করার চেষ্টা করব।

প্রশ্ন : দেশের ক্রিকেট আর ক্রিকেটারদের জন্য কী করবেন?

নাঈমুর : জাতীয় দলের ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বাড়াবো। এখন হাবিবুল বাশাররা যা পাচ্ছেন, তা মোটেও পর্যাপ্ত নয়। তাছাড়া ক্রিকেট ডেভলপমেন্টও ঠিক পথে এগুচ্ছে বলে আমি মনে করি না। আমি যেহেতু ক্রিকেটার, তাই ক্রিকেট নিয়ে কাজ তো অবশ্যই করবো, তবে নিজের এলাকার উন্নয়নচিন্তাই সবার ওপরে থাকবে আমার কাছে।

প্রশ্ন : আপনি যে এলাকায় নির্বাচন করছেন সেখানকার অবস্থা খুব ভালো নয় বলেই জানা ....

নাঈমুর : শুধু ‘ভালো নয়’ বললে পুরোটা বলা হবে না। আমি ছোটবেলা থেকেই দেখে আসছি, আমাদের এলাকাটা ভীষণ অবহেলিত। অনেক জায়গা আছে যেখানে আপনি গাড়ী নিয়ে সরাসরি যেতে পারবেন না। ফেরী পার হতে হয় অনেকখানে। নির্বাচিত হলে অবহেলিত এই জনপদের উন্নয়নে সর্বাত্মক চেষ্টা চালাবো। এর আগে এখান থেকে যারা নির্বাচিত হয়েছেন তারা কেউ এলাকার জন্য কাজ করেননি। এবার এখানকার জনগন আমার ওপর আস্থা রাখলে তার প্রতিদান অবশ্যই তারা পাবেন। তাছাড়া এবার অন্য কেউ মনোনয়ন পেলেও আমি আলাদা হয়ে যেতাম না। দলের জন্যই কাজ করতাম। দল যে আমার ওপর আস্থা রেখেছে, এলাকার জন্য কাজ করে তার প্রতিদান দেওয়ার ব্যাপারওতো আছে।

প্রশ্ন : গত কয়েক বছরে তো এলাকায় অনেক সময় দিয়েছেন। প্রতি সপ্তাহেই সেখানে চলে যেতেন।

নাঈমুর : কথাটা ওভাবে না বলে বলা উচিত এভাবে-আমি প্রতি সপ্তাহে সময় করে ঢাকায় যেতাম। এলাকাতেই থাকতাম বেশিরভাগ সময়। এখানকার লোকজনের সঙ্গে মিশেছি। তাদের সুখে-দু:খে থাকার চেষ্টা করেছি। আশা করি,তারা আমাকে নির্বাচিত করবেন।

প্রশ্ন : এবার একটু অন্য প্রসঙ্গে আসি। আপনার জন্ম ১৯৭১-এর পরে। মুক্তিযুদ্ধের পরের প্রজন্মের প্রতিণিধি আপনি। ১৯৭১-এর পরে যাদের জন্ম , তারা কিন্তু ইতিহাস বিকৃতির শিকার ...

নাঈমুর : আমার বাবাও মুক্তিযোদ্ধা ছিলেন। আমি সেই বিকৃতির শিকার নই। বাবাও (মরহুম এম সাঈদুর রহমান) আওয়ামী লীগের এমপি ছিলেন। এই দলটা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। কিন্তু দু:খের বিষয় হচ্ছে, দেশের অবস্থা এখন ’৭১-এর চেয়ে ভালো নয়। ওই সময় যারা যুদ্ধের বিরোধিতা করেছিল, তাদের বিরুদ্ধে আরেকটা যুদ্ধ চলছে এখন। এটা বন্দুকযুদ্ধ নয়, বলতে পারেন স্বাধীনতার স্বপক্ষের শক্তির যুদ্ধ। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাদের কথা বলছি। স্বাধীনতার বিরোধিতা করা লোকদের গাড়ীতে এখন জাতীয় পতাকা শোভা পায়। এই পতাকাটা হাতছাড়া হতে চলেছে। সেটা উদ্ধারের জন্যই যুদ্ধ চলছে। সেই যুদ্ধের আমিও একজন যোদ্ধা।

প্রশ্ন : বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আপনি। তো তার কোন আদর্শটা ধারণ করতে পেরেছেন?

নাঈমুর : গোটা স্বাধীনতা সংগ্রামের সময় বঙ্গবন্ধু দেখিয়েছেন তিনি কতটা স্বাধীনচেতা লোক। আমিও তার মতোই স্বাধীনচেতা।