কৌশলে নতুন গঠনতন্ত্র অনুমোদন করে নিলেন বাফুফে কর্তারা
খবরটা একদম চাপা ছিল এতদিন। না মিডিয়া, না বাফুফে-কেউই স্পষ্ট করে জানতেন না তলে তলে এতটা হয়ে গেছে।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্পূর্ণ নতুন গঠনতন্ত্রু হয়েছে ! এবং মঙ্গলবারের বার্ষিক সাধারণ সভায় সেটা পাসও হয়ে গেছে!
হঠাৎ আলোয় আসে এ গঠনতন্ত্রে আছে বাফুফের কার্যকরী কমিটির ভেতরে ৫ সদস্যের আরেকটা কমিটির কথা, যাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য কার্যকরী কমিটির দ্বারস্থ হতে হবে না। আছে ২০১১ সাল থেকে বেতনভুক্ত চার সম্পাদক রাখার নিয়মও।
মজার ব্যাপার হচ্ছে, বার্ষিক সাধারণ সভা সেরে বাইরে আসার পরও কাউন্সিলরদের মধ্যে এ নিয়ে ধোঁয়াশা ছিল। খুলনার শফিক-উজ-জামান বলেছেন, “কই, কোনো জরুরী কমিটি নিয়ে তো কথা হয়নি। ওরা নিজেদের সুবিধা মতো গঠনতন্ত্র অনুমোদন করিয়ে নিয়েছে।” “গঠনতন্ত্র পড়েননি ?” নেত্রকোণার চন্দনের জবাব, “অনেকেই গঠনতন্ত্র পায় নি। তাছাড়া ইংরেজীর তো অনেক মারপ্যাঁচ থাকে। দেশের সংবিধান বাংলায় হতে পারলে এটা কেন সবার কাছে বোধগম্য রাখার জন্য বাংলায় হবে না ?”
কাউন্সিলরদের অনেকেরই দাবি তারা গঠনতন্ত্র পাননি। তবে বাফুফে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালের পাল্টা দাবি, “দু’মাস আগে আমরা প্রত্যেকের কাছে নতুন গঠনতন্ত্র পাঠিয়েছি।” আরেক কাউন্সিলর এবং বাফুফের সহ-সভাপতি মনির আহমেদের পাল্টা যুক্তি, “গঠনতন্ত্রে হয়তো অনেক পরিবর্তন এসেছে। কিন্তু আগামী এপ্রিলে নির্বাচনের আগে যে সাধারণ সভা হবে সেখানেও অনেক কিছু চূড়ান্ত হবে।”
তার মানে একটা প্রতিষ্ঠানের গঠনতন্ত্র পরিবর্তন হয়ে গেছে অথচ সাধারণ কাউন্সিলরদের (বাফুফের কর্তারা ছাড়া) এমন কাউকে খুঁজে পাওয়া যায়নি যিনি তা সবিস্তারে পড়েছেন। কী আছে, কী নেই তারও কোনো স্পষ্ট ধারনা নেই তাদের। আর সেটা অনুমোদন এবং সভায় যাতে কোনো বিতর্ক না হয় সেটা নিশ্চিত করতে ঢাকার বাইরে থেকে আসা কাউন্সিলরদের সঙ্গে আগের রাতে হোটেলে গিয়ে দেখা করে আসেন বাফুফে কর্তারা।
বাইরে থেকে আসা কাউন্সিলররাও কথা রেখেছেন। উপস্থিত ৮৭ জনের মধ্যে বেশিরভাগই অনুমোদন করেছেন বাফুফের নতুন গঠনতন্ত্র। অথচ তাদের অনেকেই জানেন না ৫ সদস্যের জরুরী কমিটির কথা যা কিনা কার্যকরী কমিটির মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে।
এ বিষয়টি নিয়ে সাধারণ সভায় কেন আলোচনা হয়নি ? বাফুফে সম্পাদকের জবাব, “আলোচনার কী আছে, এর কথা তোা গঠনতন্ত্রেই আছে।” আর ২০১১ সাল থেকে সাধারণ সম্পাদক, উপ-সম্পাদক, দুই সহকারী সম্পাদক-এই চার পদ চলে যাচ্ছে বেতনভুক্তদের আওতায়। অর্থাৎ তাদের নিয়োগ করবে বাফুফের কার্যনির্বাহী কমিটি। “তখন এই পদগুলোতে আর নির্বাচন হবে না”– জানিয়েছেন বাফুফে সম্পাদক। তাহলে কমিটির আয়তন ছোট হয়ে যাচ্ছে কিনা এ নিয়ে স্পষ্ট করে বলতে পারেননি তিনি। তবে এখন যারাা এসব পদে আছেন তাদের সম্মানী দেয়া যায় কিনা তা বিবেচনা করবে কার্যনির্বাহী কমিটি। কাউন্সিলর কমানো-বাড়ানোর ব্যাপারেও আগামী সাধারণ সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সে সভায় ১২৭ জন থেকে বেড়ে কাউন্সিলর হয়ে যেতে পারে ১৩২ জন।
বলা যায়, নতুন গঠনতন্ত্র অনুমোদনের জন্যই আয়োজিত হলো এই সাধারণ সভা। সভায় ফুটবলের এত অবনতি নিয়ে কোনো আলোচনাই হয়নি। তাই মাত্র তিন ঘন্টায় শেষ হয়ে গেছে সভা। সভা শেষ করে এক কাউন্সিলর মঙ্গলবারের এই আয়োজনকে “দালালীর সভা” হিসেবে চিহ্নিত করেছেন। এবং যাওয়ার সময় কাউন্সিলররা একটি করে ব্রিফকেস ও সঙ্গে ৫ হাজার টাকা নিয়ে ফিরে গেছেন বাড়িতে।
কিন্তু ফুটবল কী পেয়েছে ? কাউন্সিলর ফজলুর রহমান বাবুলের জবাব, “ফুটবল কিছুই পায় নি।” তাহলে কেন এই বার্ষিক সাধারণ সভা ? কক্সবাজারের প্রতিনিধি আব্দুল খালেকের ভাষায়, “এটা ছিল একটা গেট-টু গেদারের মতো আয়োজন।”
