শ্রীলংকাকে ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড
টেস্ট সিরিজের উল্টো চিত্র টুয়েন্টি-টুয়েন্টিতে। প্রথম টেস্ট জিতে সিরিজ জয়ের আশা জাগালেও পরের টেস্ট হেরে ড্র মানতে হয়েছিল নিউজিল্যান্ডকে। মঙ্গলবার অকল্যান্ডের টুয়েন্টি-টুয়েন্টি ম্যাচ ৫ উইকেটে হারায় সিরিজ ড্র রাখাকেই যথেষ্ট ভাবতে হলো শ্রীলংকাকে।
এ সিরিজ ড্র রাখা অবশ্য যে কোনো বিচারেই শ্রীলংকার জন্য পরম পাওয়া। প্রথম ম্যাচে তারা ডাকওয়ার্থ লুইস পদ্ধতির সুবিধা নিয়ে জিতেছিল ১৮ রানে। দ্বিতীয় ম্যাচে তারা যে সবচেয়ে বড় ব্যাবধানে হারেনি এ জন্য ধন্যবাদ দেওয়া উচিত লাসিথ মালিঙ্গা (২৭) আর দিলহারা ফার্নান্দোর (২১) নবম উইকেট জুটিকে। ওই জুটিতে ২৩ বলে ৪৪ রান না এলে ৮ উইকেটে ৭১ রান থেকে শ্রীলংকা যে ১০০ পেরোনোর আগেই মুখ থুবড়ে পড়ত সে বিষয়ে সন্দেহ পোষণ করা খুব একটা বুদ্ধিমানের কাজ নয়।
মালিঙ্গা আর ফার্নান্দোর ভালো অবদানের পরও সফরকারীদের ১১৫ রানে অলআউট করে দিয়ে দলের জয় এক রকম নিশ্চিত করে দিয়েছিলেন জেমস ফ্র্যাঙ্কলিন (৩/২৩), আন্দ্রে অ্যাডামসরা (২/২০)। নাথান অ্যাস্টল ৩৭ বলে ৪০ রান করায় ম্যাচের ৯ বল বাকি থাকতেই জয় এসে যায়। শুরুতে ফ্লেমিংয়ের ১৬ বলে ১৭ আর ম্যাককালামের ২৮ বলে ২৮ রান তার জন্য কাজটা যে বেশ সহজ করে রেখেছিল তা-ও মানতে হবে।
