দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে পাঠানকে
ওয়ানডে সিরিজে পারফরম্যান্স ছিল জঘন্য। তাই প্রথম টেস্টে সুযোগ দেওয়া হয়নি ইরফান পাঠানকে। প্র্যাকটিস ম্যাচেও হতাশ করায় দ্বিতীয় টেস্ট শুরুর আগে তাকে নিয়ে চলছে অন্য রকম পরিকল্পনা। বিশ্বকাপের জন্য নিজের ফর্ম পুনরুদ্ধার করতে দেশে ফেরত পাঠানো হচেছ ইরফান পাঠানকে।
ইদানীং ব্যাটিংয়ে মাঝে মাঝে আশাতীত ভালো করলেও বোলিংয়ে যাচেছ-তাই পারফর্ম করে চলেছেন ইরফান পাঠান। ওয়ানডে সিরিজে তিন ম্যাচে ২১ ওভার বল করে ১৩৬ রান দিয়ে পেয়েছেন মাত্র ১ উইকেট। শনিবার কোয়াজুলু নাটালের বিপক্ষে সহজ এক ম্যাচে তার বাঁ-হাতি ফাস্ট বোলিংয়ের আরেকটা পরীক্ষা হলো। সেখানেও ইরফানের বোলিং ছিল একশ'তে শূন্য পাওয়ার মতো। ১১ ওভারে ৭৪ রান দিয়ে কোনো উইকেটই পাননি!
এ অবস্থায় তাকে আর দলের সঙ্গে রাখার মানে খুঁজে পাচেছ না ভারতীয় দল। সোমবার অধিনায়ক রাহুল দ্রাবিড় জানিয়েছেন বিশ্বকাপের কথা ভেবে শিগগিরই দেশে পাঠিয়ে দেওয়া হবে ইরফান পাঠানকে, “ ও আমাদের খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এ সফরে আর কোনো ওয়ানডে ম্যাচ নেই বলে আমরা ওকে রঞ্জি ট্রফি খেলে ফর্মে ফেরার সুযোগ দিতে চাচিছ। সামনেই বিশ্বকাপ। ওখানে ইরফানকে অবশ্যই দরকার। আমরা চাই ওই টুর্নামেন্টের আগে ও ফর্ম ফিরে পেয়েছে এ বিষয়ে নিশ্চিত হতে।”
এখন দেশে ফিরলে আগামী মাসে দুটো রঞ্জি ট্রফি ম্যাচ খেলতে পারবেন পাঠান। ভারত বিশ্বকাপের আগে জানুয়ারি-ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ আর শ্রীলঙ্কাকে নিয়ে একটা ট্রাই সিরিজ খেলবে দেশের মাটিতে।
