সেমিফাইনালে মোহামেডান পাচ্ছে ভিক্টোরিয়াকে আর আবাহনী ডিওএইচএস-কে
‘এ’ গ্রুপ থেকে ওল্ড ডিওএইচএস এবং ভিক্টোরিয়ার সেমিফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। সোমবার এই দু’দল ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল গ্রুপ চ্যাম্পিয়নশিপের জন্য। তাতে ৩ উইকেটে জিতে ডিওএইচএস গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে।
অবশ্য ‘বি’ গ্রুপের দুই সেমিফাইনালিস্ট নির্ধারণের জন্য সোমবারের মোহামেডান-সোনারগাঁ ক্রিকেটার্স এবং আবাহনী-ইন্দিরা রোড ম্যাচের জন্য অপেক্ষা করতে হয়েছে। আবাহনী নারায়নগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে ৯০ রানে জিতেছে। মোহামেডান সোনারগাঁর কাছে হেরে গেলে সমীকরণ জটিল হয়ে যেত। তখন তিন দলের চারটা করে জয় এবং পয়েন্ট সমান হয়ে যেত। কিন্তু মোহামেডান ৯ রানে জেতায় সেসব হিসাবে আর যেতে হয়নি। পাঁচটি ম্যাচই জিতে মোহামেডান ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। ২৭ ডিসেম্বর তারা কাই-অ্যালটেক টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপ রানার্স আপ ভিক্টোরিয়ার। আর প্রথম সেমিতে ডিওএইচএস খেলবে আবাহনীর সঙ্গে।
সোমবার মাহমুদুল্লাহ রিয়াদের ৫০ বলে ৬৪ রানের ইনিংসে ভর করে ১৩৭ রান তোলা ভিক্টোরিয়া জয়ের স্বপ্নই দেখছিল ডিওএইচএস মাত্র ৪২ রানে ৪ উইকেট হারিয়ে ফেলার পর। কিন্তু সেখান থেকে খালেদ মাহমুদের ৪৫ রান জয়ের পথ দেখিয়েছে প্রিমিয়ারের বর্তমান চ্যাম্পিয়নদের।
আবাহনীকে সহজ জয় পাইয়ে দিয়েছেন ব্যাটে-বলে সমান বিধ্বংসী মাশরাফি বিন মর্তুজা। প্রথমে ২৩ বলে ৬৫ রানের ইনিংস খেলে আবাহনীকে পৌঁছে দেন ৬ উইকেটে ১৭৩ রানে। পরে ৫ রানে ৫ উইকেট নিয়ে ইন্দিরাকে গুটিয়ে দেন মাত্র ৮৩ রানেই। দিনের অন্য ম্যাচগুলোতে সিটি ক্লাব (১৬০/৫) ৯ রানে কলাবাগানকে ( ১৫১/১০), বিমান ( ১৭৮/৪) ৬৬ রানে পারটেক্সকে ( ১১২/৭) এবং ব্রাদার্স (১৩২/৯) ২৪ রানে ইয়াং পেগাসাসকে ( ১০৮/১০) হারিয়েছে।
