২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়দিনকেই তখন জন্মদিন ধরতে হবে!

জুনায়েদ ইমরোজ সিদ্দিকীকে আগে থেকেই চিনতেন আকরাম খান। কিন্তু তার নামটা ভালো করে জানা ছিল না। সোমবার মোহামেডান ওপেনারের মাত্র ৬৪ বলে ১৩৪ রানের বিধ্বংসী ইনিংসটা মূল্যায়ন করতে গিয়ে একটি বেসরকারী টেলিভিশন ক্যামেরার সামনে দাঁড়ানোর আগেই তা বোঝা গেল,“ওর নামটা যেন কী?” পাশ থেকে অন্যদের বিস্ময় দৃষ্টি নজরে পড়তেই বললেন,“আমি কিন্তু ওকে চিনি। গত বছর খুব সম্ভবত ইন্দিরা রোডের হয়ে খেলেছিল।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাসুদ পারভেজ, নিজস্ব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2006, 10:13 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

তারও একটু আগে ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামেই নিজ দলের বাঁ-হাতি স্পিনার নাবিল সামাদের দেখা পেয়ে গেলেন ওল্ড ডিওএইচএস অধিনায়ক। পেয়ে একটা পরীক্ষাও নিয়ে ফেললেন। যে পরীক্ষার প্রশ্নে প্রশ্নে জানা হয়ে গেল জুনায়েদের ব্যাটিং কতটা মনযোগ কেড়েছিল বাংলাদেশ দলের এই সাবেক অধিনায়কের।

* ওই ছেলেটার ব্যাটিং দেখেছো?

** দেখেছি।

* ছক্কাগুলো কেমন ছিল?

** দারুণ।

* বলো তো কোন কোন দিক দিয়ে ছক্কাগুলো মেরেছে?

** ডাউন দি উইকেটে গিয়ে ছক্কা মেরেছে। স্ট্রেট ছক্কা। কাভারের ওপর দিয়ে মেরেছে। আরো অনেক মেরেছে।

* এবার বলো দেখি, কোন দিক দিয়ে ছক্কা মারেনি?

** (নাবিল চুপ)

* বলতে পারলে না তো। স্কয়ার লেগ দিয়ে মেরেছে? কিংবা মিডউইকেট দিয়ে মেরেছে? না মারেনি। এবার বলো তাহলে ওকে আউট করার জন্য কিভাবে বল করতে হতো?

** (এবারো নাবিল চুপ)

* বলতে পারলে না তো! ছেলেটা অন সাইডে দুর্বল। ওকে সামনে বল দিলে তো মারবেই। কিন্তু তুমি যদি পায়ের ওপর টেনে বল দাও, তাহলে মারতে সমস্যা হবে নিশ্চিত। ওকে আউট করার সুযোগটা সেখানেই। এগুলো খেয়াল করতে হবে তো।

পরীক্ষা সেখানেই শেষ। আর তার একটা অংশে সোনারগাঁ ক্রিকেটার্সের বোলারদের পরিকল্পনার অভাবটাও এসেছে। তাই বলে জুনায়েদের ১১ ছক্কার ইনিংসে আকরামের মুগ্ধতার রেশ কমছে না একটুও,“আমি এর আগে কোনো বাংলাদেশী ব্যাটসম্যানকে এমন ব্যাটিং করতে দেখিনি।” ডিওএইচএসে আকরামের সতীর্থ বাংলাদেশ দলের আরেক সাবেক অধিনায়ক খালেদ মাহমুদের চোখেও এর আগ পর্যন্ত না দেখা ইনিংস এটা,“কী বলবো, অসাধারণ! এর আগে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান এরকম ব্যাটিং করেছে বলে আমার মনে পড়ে না।”

মনে পড়বে কিভাবে? বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে ১১ ছক্কা তো আর কেউই মারেননি এক ইনিংসে। দুই ছক্কায় ১৮ রান করে আউট হয়ে যাওয়া আফতাব আহমেদ তার সতীর্থের ইনিংসটা সম্পর্কে বলছেন,“কথায় বলে না ছবির মতো ব্যাটিং, এটা তাই।” অল্প কিছুদিনের অভিজ্ঞতায় রাজশাহীর এই ব্যাটসম্যানের ব্যাটিংয়ের ধরনটা জানা হয়ে গেছে বলে তার অধিনায়ক হাবিবুল বাশার ২২৬ রান ডিফেন্ড করতে নামার সময় বলে গেলেন,“ও এমনই ব্যাটিং করে।”

কিন্তু এটাও তো ঠিক, সোমবার তার ব্যাট রোদের মাঝেও আলোর ঝিলিক না ছড়ালে সে কথা তেমন কারো জানাই হতো না। বিকেলে মিডিয়ার মুখোমুখি হয়ে বারবারই তাকে মনে করিয়ে দিতে হতো না,“এটাই আমার প্রথম সেঞ্চুরি নয়। এই জাতীয় ক্রিকেট লিগেও আমি খুলনার বিপক্ষে একটা সেঞ্চুরি করেছি।”

সেই খবর কেউ খুব একটা রাখেননি। কিন্তু প্রচারের আলো কাড়তে হলে এরকম ইনিংস যে খুবই কাজে দেয়, তা নিশ্চয়ই ভালো বুঝেছেন এদিন। ম্যাচ শেষ হওয়ার পর মিডিয়ার সঙ্গে কথা বলার পর্বে বারবারই ব্যাঘাত ঘটালো আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতদের ফোন এবং শুভেচ্ছা। ওরকম একটা ইনিংস তাকে কত দ্রুত মানুষের কাছে পৌঁছে দিয়েছে তা ভেবে আরো অনেক বিধ্বংসী ইনিংস খেলার অনুপ্রেরণা পেতেই পারেন রাজশাহী কলেজে অর্থনীতিতে অনার্স পড়ুয়া জুনায়েদ।

ছক্কা মারার অভ্যাসটাও সহজাত বলেই জানালেন জুনায়েদ,“আমি এভাবেই খেলি সবসময়। আমার বাবা আবু বকর সিদ্দিকী বুলবুলও মোহামেডানে খেলতেন। তিনি অবশ্য পেস বোলার ছিলেন। কিন্তু বাবা আমাকে বাঁ হাতে ব্যাট ধরিয়ে জোরে জোরে মারতে বলতেন। সেখান থেকেই অভ্যাসটা হয়ে গেছে।”

তবে সেই অভ্যাসটা সবার দৃষ্টিগ্রাহ্যতা পেল সোমবারই। তাই হঠাৎ করে তার আশ-পাশের জগতটাও পাল্টে গেল। ক্যামেরার ফ্লাশ তার চোখের পাতাকে ওঠানামা করালো খুব বেশি। টিভি সাক্ষাৎকার দিলেন। ম্যাচের মাঝ বিরতির সময় ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামের দর্শকরা মোহামেডানের ড্রেসিংরুমের সামনে ভিড় করে দাঁড়ালেন তাকে এক নজর দেখার জন্য। এই টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেট শুরুর আগেও এর জন্য সবচেয়ে উপযোগী ব্যাটসম্যান বলে ধরা হতো তামিম ইকবালকে। পত্র-পত্রিকার সৌজন্যে সাধারণ দর্শকদেরও তাকে ভালো করেই চেনা। জুনায়েদের ইনিংসটার পর সেই তামিমকেও দর্শকদের টিকা-টিপ্পনীর শিকার হতে হলো,“আরেকজন আইসা গেছে রে, আরেকজন আইসা গেছে।”

এখানেই শেষ নয়। জুনায়েদের দৃষ্টি বহুদূর,“আমি ভালো খেলে জাতীয় দলে ঢুকতে চাই।” যদি কখনো ঢুকেই যান, তাহলে তো তারকার মর্যাদা পাবেন আরো। সেই লক্ষ্যের কথাটা পাড়লেন এদেশের ২০ ওভারের ক্রিকেটের সবচেয়ে বড়ো ইনিংসটা খেলে। শুভ বড়দিনের সঙ্গে এর কোনো যোগসূত্র থাকতেও পারে। জন্ম তারিখ একটা নিশ্চয়ই আছে। তারপরও কখনো তারকা হয়ে গেলে তার জন্মদিন হিসেবে ২০০৬-এর বড়োদিনটাকেই ধরতে হবে!