বিতর্কের আশঙ্কা নিয়েই মঙ্গলবার বাফুফের সেই সাধারন সভা
গঠনতন্ত্রে বেশ কিছু সংযোজন-বিয়োজনের প্রস্তাব নিয়ে মঙ্গলবার বার্ষিক সাধারন সভায় বসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
সভার চিঠি পেয়েছেন কাউন্সিলররা। কিন্তু সেই চিঠিতে গঠনতন্ত্রে পরিবর্তন কিংবা সংযোজনের প্রস্তাবগুলির কথা উল্লেখ নেই বলে অভিযোগ করেছেন তাদের অনেকেই। বাফুফে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল অবশ্য মুখে যেগুলো বলেছেন তার মধ্যে দুটো প্রস্তাবই বেশ বির্তকিত। একটি হচ্ছে চার বাফুফে কর্মকর্তার জন্য সম্মানীর ব্যবস্থা করা, অন্যটি কার্যনির্বাহী কমিটির ভেতর ৫ সদস্যের আরেকটি জরুরী কমিটি গঠন করা।
সম্মানীর বিষয়টি নিয়ে যে বিতর্ক হবে তা কাজী সালাউদ্দিনের মতো কয়েকজনের কথাতেই স্পষ্ট আভাষ আছে। কারণ বাফুফের সাধারণ সম্পাদক, উপ-সম্পাদক ও দুই যুগ্ম সম্পাদককে সম্মানী দেওয়ার ব্যাপারটা অনেকেই মেনে নিতে পারছেন না। বাফুফের সহ-সভাপতি মনির আহমেদ বেশ ক্ষুব্ধ হয়েই বলেছেন, “ কী কী সংযোজনের প্রস্তাব আনা হবে সেগুলোর কথা চিঠিতে উল্লেখ করা উচিত ছিল। অনৈতিক কিছু দেখলে আমি প্রতিবাদ করবো, আশাকরি অন্যরাও করবেন।” সাবেক তারকা সালাউদ্দিন আগেই সম্মানীর প্রশ্নে চার বাফুফে কর্মকর্তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
কার্যনির্বাহী কমিটির ভেতরে আরেকটি কমিটি করার বিষয়টিও অনেকে মেনে নিতে পারছেন না। এই কমিটি নিজেদের মতো সিদ্ধান্ত নেবে, পরে কার্যনির্বাহী কমিটির অনুমোদন নিলেই চলবে – এটুকুই ধারনা দেওয়া হয়েছে প্রস্তাবিত নতুন কমিটি সম্পর্কে। সেরকম হলে কর্যনির্বাহী কমিটির গুরুত্ব কমে যেতে পারে এবং অনেক বিতর্কিত সিদ্ধান্তের জন্ম হতে পারে– এই ভেবেই এমন কমিটি গঠনের বিপক্ষে দাঁড়াতে পারেন অনেক কাউন্সিলর। তবে বাফুফে সম্পাদক বড় অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারেন ফিফার প্রেসক্রিপশনকে।
সকাল ১১ টায় বাফুফে ভবনে শুরু হবে এই সাধারন সভা। সভাপতির ভাষন, সাধারন সম্পাদকের রিপোর্ট এবং কোষাধ্যক্ষের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব পেশ করার পরই শুরু হবে গঠনতন্ত্র নিয়ে আলোচনা।
