জোহানেসবার্গের দুঃস্বপ্ন নিয়েও ফেবারিট দক্ষিণ আফ্রিকা
কিংসমিডের সর্বশেষ স্মৃতি নির্ঘাত দুশ্চিন্তায় ফেলবে রাহুল দ্রাবিড়কে। ১৯৯৬-৯৭ মৌসুমে ভারত গো-হারা হেরেছিল এখানে। তার আগেও যে জয়ের আশা জাগানো কিছু ছিল, তা নয়।
৪ বছর আগে প্রভীন আমরের সেঞ্চুরি স্রেফ সম্মানজনক একটা ড্র-ই উপহার দিয়েছিল তাদের। এবার অবশ্য সম্মানজনক ড্রয়ের চেয়ে এগিয়ে জয়ও আশা করা হচ্ছে দ্রাবিড়দের কাছ থেকে। জোহানেসবার্গের ১২৩ রানের জয় দক্ষিণ আফ্রিকাকে কতটা অস্বস্তিতে ফেলেছে বুঝুন তাহলে!
মঙ্গলবার কিংসমিডে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগে কাগজ-কলমের হিসেব যা-ই বলুক, মনোবলে কিন্তু ভারতই এগিয়ে। ওয়ানডে সিরিজে তাদের নাস্তানাবুদ হওয়া যেন অনেক দূরের স্মৃতি। গ্রায়েম স্মিথের ম্যাচ-প্রস্তুতি দেখলেও মনে হয়না অতীত রেকর্ড, একটি ম্যাচ ছাড়া সাম্প্রতিক পারফরম্যান্স-সবকিছুতেই তার দল অনেক অনেক এগিয়ে। ব্যাটিং আর বোলিং দুটো বিভাগ নিয়েই স্মিথ এখন মহাদুশ্চিন্তায়।
প্রথম ইনিংসে মাত্র ৮৪ রানে অলআউট হওয়ায় মনে হতে পারে জোহানেসবার্গে ব্যাটসম্যানরাই ডুবিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। পাশাপাশি বোলাররা কি করেছিলেন ভাবুন একবার। মাখায়া এনটিনির বোলিং যে হতাশ করেছে এ সত্যকে একেবারেই আড়াল করেননি গ্রায়েম স্মিথ। ডেল স্টেইনতো অধিনায়ক বা প্রতিপক্ষ ব্যাটসম্যানদের মনে কোনো দাগই কাটতে পারেননি ১০.১ ওভার বল করার পর খুড়িয়ে খুড়িয়ে মাঠ ছাড়ায়। বল হাতে উজ্জ্বল ছিলেন শুধু শন পোলক। সিরিজে ফেরার লড়াইয়েও তাকেই দিতে হবে প্রোটিয়া বোলিংয়ের নেতৃত্ব।
৮৪ রানে অলআউট হওয়া দলের ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা থাকবে না, তা কি হয়? দক্ষিণ আফ্রিকার প্রথম দুশ্চিন্তা ওপেনিং নিয়ে। ডারবানে বোধহয় গ্রায়েম স্মিথের সঙ্গে ইনিংস সূচনা করতে দেখা যাবে এবি ডি ভিলিয়ার্সকে। হার্শেল গিবসকে ব্যাট করতে হতে পারে ছয় নম্বরে। আরো কি কি হতে পারে তা দেখতে অপেক্ষায় থাকতে হবে মঙ্গলবারের ম্যাচ শুরুর জন্য।
ভারতীয় দলে খুব বেশি পরিবর্তনের দরকার নেই। ‘উইনিং কম্বিনেশন’ খেলানোটাই শ্র্রেয়। সে কথা রাহুল দ্রাবিড়, গ্রেগ চ্যাপেলরাও বোঝেন। তারপরও দলে দু-একটা পরিবর্তন অবধারিত। বিশেষ করে ইনজুরি কাটিয়ে শনিবার প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত বল করা মুনাফ প্যাটেলের সুযোগ পাওয়া একরকম নিশ্চিতই। রোববার কোচ গ্রেগ চ্যাপেলের কথায় অন্তত সেরকম ইঙ্গিতই ছিল। সম্ভাবনা ছিল ওপেনার ওয়াসিম জাফরের জায়গায় গৌতম গম্ভিরের সুযোগ পাওয়ার। শেষ মুহুর্তে ভারত নাকি জাফরকে আরেকটা সুযোগ দেওয়ার কথাও ভেবে দেখছে।
এ ম্যাচ জিতলে এই প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকায় এসে টেস্ট সিরিজ জিতে যাবে ভারত। সে লজ্জা এড়াতে এবং সিরিজ জয়ের সম্ভাবনা ধরে রাখতে ডারবানে জিততেই হবে দক্ষিণ আফ্রিকাকে। জয়ের আশা করা তাদের জন্য বাতুলতাও নয়। কিংসমিডের বাউন্সি পিচ পোলকদের মনে পুলক জাগানোর জন্যই প্রস্তুত!
