২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যোগ্যতার প্রশ্নে হোঁচট খায় বাফুফে কর্তাদের সম্মানী-রীতি

বাফুফে কর্তাদের সম্মানীহীন হয়ে থাকাটাই যেন এতদিন দেশের ফুটবল উন্নয়নের পথে বড় অন্তরায় ছিল। তাদের সম্মানী কী তবে ফুটবলকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে?

ক্রীড়া প্রতিবেদক

সনৎ বাবলা,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2006, 07:32 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

ফিফার প্রেসক্রিপশন মেনে বাফুফের সাধারণ সম্পাদক, উপ-সম্পাদক ও দুই যুগ্ম সম্পাদককে সম্মানী দিতে চাইছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এটা মাসে মাসে বেতন নয় - সম্মানী , যার সঙ্গে সম্মানের একটা সম্মানজনক সম্পর্ক আছে। যারা বাফুফেতে আছেন কিংবা আসবেন, নিঃসন্দেহে তারা সম্মানিত লোক। কিন্তু সন্দেহ থেকে যাচ্ছে, তাদের হাতে ফুটবলের সম্মানিত হওয়ার ব্যাপারটা। দেশের ফুটবলের এই হতশ্রী চেহারা দেখে যে কেউ প্রশ্ন তুলতেই পারেন, বাফুফে কর্তাদের দিয়ে ফুটবল কীভাবে উপকৃত হয়েছে বা কতটা উন্নয়ন হয়েছে। সাবেক তারকা সালাউদ্দিনও তুলেছেন এ ধরনের প্রশ্ন, “সম্মানীর জায়গায় আপত্তি নেই। কিন্তু যারা পাচ্ছেন তারা পাওয়ার যোগ্য কিনা, তাদের ফুটবল উন্নয়নের মেধা আছে কিনা– এসব জায়গাতেই আমার সন্দেহ।”

ফুটবল ফেডারেশনের সহ - সভাপতির ভূমিকাতেও ছিলেন সালাউদ্দিন। সুবাদে খুব কাছ থেকেই দেখেছেন বাফুফে কর্মকর্তাদের। তখনকার বাজে অভিজ্ঞতার কথা মিডিয়ায় আগেই বলেছিলেন, “ওখানে ফুটবল নিয়ে যে খুব আলাপ - আলোচনা হয়, তা নয়। ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো প্ল্যান - প্রোগ্রামও নেই তাদের।” পরিকল্পনাহীন হয়ে ন্যুনতম ফুটবল লিগটাও যারা নিয়মিত করতে পারেন না, যেখানে খেলোয়াড়রা প্ল্যাকার্ড নিয়ে “দুর্নীতিবাজ” বলে কর্মকর্তাদের বিরুদ্ধে আন্দোলন করে; সেখানে কর্মকর্তাদের সম্মানী নেয়া কী লজ্জাকর নয় ? বাফুফে কর্তারা বেতন পান না ঠিক, পাশাপাশি এটাও ঠিক যে ফেডারেশনের নাম ভাঙ্গিয়ে অনেকে জাতীয় ক্রীড়া পরিষদে টেন্ডারের তদবির করেন আর সে কারণে পরিষদ সচিব - পরিচালকদের সামনে দাঁড়িয়ে তারা ফুটবলের নায্য দাবির কথা বলতে পারেন না। যারা বাফুফের পদ ভাঙ্গিয়ে এরকম অনৈতিক কাজ করেন তারা কী সত্যিই ফুটবলের স্বার্থে ফেডারেশন - সংশ্লিষ্ট হন?

এই নীতি- নৈতিকতার বিচারে যেতে চান না সাবেক ফুটবলার গোলাম সারোয়ার টিপু। তিনি প্রশ্নগুলোর উত্তর ভবিষ্যতের কাছেই রাখতে চান, “ প্রশ্নটা উঠছে এখন যোগ্য কি আযোগ্য, এ নিয়ে। আমার মনে হয়, একটা পেশাদার অবকাঠামোর জন্যই সম্মানীর ব্যবস্থা করতে চায় তারা। ইওরোপেও এই ব্যবস্থায় চলে জাতীয় ফুটবল ফেডারেশনগুলো। এতে করে তাদের দায়বদ্ধতা বাড়ে এবং ফিফার কাছেও জবাবদিহি করতে হয়। তাই ব্যর্থ হলে ভবিষ্যৎ - ই বলে দেবে এই সম্মানী দেয়ার রীতি আমাদের জন্য উপযুক্ত কিনা।”

কিন্তু তখন অনুপযুক্ত প্রমাণিত হলে কি ওই সম্মানী দেয়ার রীতি পাল্টানো যাবে ? যেমন জাতীয় সংসদের বেলায় বেতন নিলেও অনেক সাংসদ মাসের পর মাস অনুপস্থিত থাকেন সংসদে। তাই নিয়ম প্রবর্তনের আগে অনেক ভাবনা - চিন্তার অবকাশ আছে বৈকি। গোলাম সারোয়ার টিপু ইউরোপের উদাহরন দিলেও আমাদের ফুটবল ওদের চেয়ে লক্ষ্য - কোটি মাইল পেছনে। এমনকি এশিয়ার মধ্যেও অবস্থান অনেক পেছনে। ইওরোপ কিংবা এশিয়ার ফুটবলের শীর্ষদলগুলোর নিয়ামক সংস্থার কর্মকর্তারাও কিন্তু বিশ্ব ফুটবলের খুঁটিনাটি জানেন, জানেন কোন পথে কীভাবে এগুলে দেশের ফুটবল লাভবান হবে। তাই তারা বেতনভুক্ত। পক্ষান্তরে যথেষ্ট সন্দেহ আছে বাংলাদেশের ফুটবল - কর্তাদের বিশ্ব-ফুটবল জ্ঞান নিয়ে। দেশে পেশাদার ফুটবল হতে যাচ্ছে। এ অবস্থায় ইতালি, স্পেন ও জার্মানির পেশাদার ফুটবল লিগের অফিসিয়াল নাম জিজ্ঞেস করলেই স্পষ্ট হয়ে যাবে ৫০ শতাংশ বাফুফে - সদস্যের ফুটবল জ্ঞান। অথচ বাফুফেতে ফিফা ও এএফসির প্রত্যেকটি ফুটবল ম্যাগাজিন আসে।

বাফুফের এই দৈন্যতার জন্যই এ পর্যন্ত কোনো কমিটিই চার বছর মেয়াদের জন্য কোনো উন্নয়ন - পরিকল্পনার দিকে যায় নি। অথচ সেই ২০০০ সালে বাংলাদেশ দলের সঙ্গে মালদ্বীপ ঘুরে এসে এক বাংলাদেশী সাংবাদিক মালদ্বীপের ফুটবলের বিস্ময়কর উন্নয়ন - পরিকল্পনার কথা বর্ণনা করেছিলেন। ১০ বছর পর তারা কোথায় পৌঁছুতে চায় এবং কীভাবে পেঁ ৗছুবে, সেই পরিকল্পনার ছক কম্পিউটারে রাখা ছিল সযত্নে। সেজন্যই একসময় বাংলাদেশের কাছে ৭/৮ গোলে হারা মালদ্বীপ এখন বাংলাদেশকে হারাচ্ছে। এটা যুগপৎ মালদ্বীপের ফুটবল - কর্তা ও ফুটবলারদের সাফল্য।

আমাদের যা একটু সাফল্য আছে তাতে পুরো অবদান ফুটবলারদেরই। ফুটবল কর্মকর্তাদের সেরকম কোনো সাফল্য নেই।

এখন পেশাদারীত্বের নামে তাদের জন্যই সম্মানী বরাদ্দ হচ্ছে !