প্রথম দুটি ওয়ানডেতে নিউজিল্যান্ডের অধিনায়ক ভেট্টোরি
শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুতে নিয়মিত অধিনায়ক স্টিভেন ফ্লেমিংকে পাচ্ছে না নিউজিল্যান্ড। প্রথম দু ম্যাচে অধিনায়ক থাকছেন ড্যানিয়েল ভেট্টোরি।
শ্রীলংকার সঙ্গে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচটি হবে আগামী ২৮ ডিসেম্বর,ন্যাপিয়ারে। সেই ম্যাচ তো বটেই, পরের ম্যাচেও দলে থাকছেন না ফ্লেমিং। এমনিতে তার কনুইয়ে সামান্য ইনজুরি আছে। তবে তাকে আর ফাস্টবোলার শেন বন্ডকে এ দুটো ম্যাচ বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সবাইকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর পরিকল্পনার অংশ হিসেবে। দলে নেওয়া হয়েছে নতুন মুখ মার্ক গিলেস্পিকে। এ ছাড়া টেস্ট দল থেকে বাদ পড়া ওপেনার হামিশ মার্শালকেও রাখা হয়েছে ওয়ানডে দলে।
নিউজিল্যান্ডের ওয়ানডে দল: ড্যানিয়েল ভেট্টোরি (অধিনায়ক), আন্দ্রে অ্যাডামস, নাথান অ্যাস্টল, পিটার ফুলটন, মার্ক গিলেস্পি, হামিশ মার্শাল, জেমস মার্শাল, মাইকেল ম্যাসন, ব্রেন্ডন ম্যাককালাম, জিতেন প্যাটেল, রস টেলর।
