২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাকগ্রাও বিদায় জানাচ্ছেন ক্রিকেটকে

সিডনি টেস্ট গ্লেন ম্যাকগ্রারও শেষ টেস্ট। তবে শেন ওয়ার্নের মতো সেদিন ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানাবেন না ম্যাকগ্রা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2006, 07:07 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

‘দি পিজিয়ন’ ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন ২০০৭ বিশ্বকাপের পর। শনিবার মেলবোর্নের এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন গ্লেন ম্যাকগ্রা।

অস্ট্রেলিয়ার মিডিয়ায় খবর ছিল, এই অ্যাশেজ সিরিজেই শেষবারের মতো অস্ট্রেলিয়ার হয়ে খেলবেন ওয়ার্ন আর ম্যাকগ্রা। ওয়ার্ন তা স্বীকার করে জানিয়েই দিয়েছেন, চলতি অ্যাশেজের শেষ টেস্ট আন্তর্জাতিক ক্রিকেটে তারও শেষ ম্যাচ। তারপর হ্যাম্পশায়ারের হয়ে শুধু কাউন্টি ক্রিকেটেই খেলবেন। কিন্তু ম্যাকগ্রা এই ক'দিন পাশ কাটিয়ে এসেছেন পুরো বিষয়টা। শনিবার আর তা করলেন না। সরাসরি বলেই দিলেন টেস্ট ক্রিকেটার হিসেবে তার চূড়ান্তÍ পরিকল্পনা, “ সিডনিতেই শেষ টেস্ট খেলছি আমি।” পাশাপাশি আরো জানিয়েছেন টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেও আরো কিছুদিন ক্রিকেটের সঙ্গে থাকবেন সবচেয়ে বেশি উইকেট পাওয়া এই ফাস্টবোলার, “ আগামী বছর বিশ্বকাপ খেলার পর সব রকমের ক্রিকেট থেকেই বিদায় নেব আমি।”

১২২ টেস্টে ৫৫৫ উইকেট পাওয়া ম্যাকগ্রা ক্রিকেট ছাড়ছেন পরিবারকে সময় দেওয়ার জন্য। দীর্ঘ দিন ধরে ক্যান্সারে ভুগছেন তার স্ত্রী জেন ম্যাকগ্রা। তার পাশে থাকার জন্য এ বছর প্রায় ৮ মাস ক্রিকেটের বাইরে ছিলেন ম্যাকগ্রা। ফিরেই অস্ট্রেলিয়াকে প্রথম বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানোয় রেখেছেন দারুন অবদান। অ্যাশেজ পুনরুদ্ধারেও অস্ট্রেলিয়া পেয়েছে পুরোপুরি ফিট এবং ইন-ফর্ম ম্যাকগ্রাকে। এ অবস্থাতে সবাই কিন্তু আরো দীর্ঘ ক্যারিয়ারেরই স্বপ্ন দেখেন। ম্যাকগ্রাও সেটা মানছেন, তবু কঠিন সিদ্ধান্তটা নিতেই হচ্ছে, কারণ,“ঘরের বাইরে-বিশেষ করে জেন আর বাচ্চাদের ছেড়ে থাকাটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। বাচ্চাগুলো বড় হচ্ছে। ওরা যে অভিজ্ঞতার মধ্য দিয়ে বেড়ে উঠছে তা থেকে নিজেকে দূরে রাখা খুবই কঠিন।”