বিশ্বকাপের দল ঘোষণা ১৩ ফেব্রুয়ারি
নিয়ম অনুযায়ী বিশ্বকাপের জন্য ৩০ জনের প্রাথমিক দল আগেই পাঠিয়ে দিতে হয় আইসিসির কাছে । সেই ৩০ জনের নাম পাঠানোর ডেডলাইন ১৩ জানুয়ারি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওইদিনই ৩০ জনের দল ঘোষনা করবে।
১৫ জনের চূড়ান্ত দল ঘোষণা করা হবে হাবিবুল বাশাররা জিম্বাবুয়ে থেকে ফেরার দুদিনের মধ্যেই, ১৩ ফেব্রুয়ারি। ১১ ফেব্রুয়ারি চার ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে জিম্বাবুয়ে থেকে ফেরার কথা বাংলাদেশ দলের। শুক্রবার ক্রিকেট কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়েছে।
জিম্বাবুয়ে থেকে ফেরার পর অবশ্য প্রিয়জনের সান্নিধ্য খুব একটা পাওয়া হবে না হাবিবুল বাশারদের। কেননা ১৯ ফেব্রুয়ারিই তাদের আবার ভিভ রিচার্ডসের দেশ অ্যান্টিগার উদ্দেশে রওনা হতে হবে। বিশ্বকাপের ঠিক আগে আগে নিউজিল্যান্ড ও স্কটল্যান্ডের সঙ্গে দুটো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবেন তারা। তবে তারও আগে অ্যান্টিগায় কানাডা ও বারমুডার সঙ্গে খেলবে বাংলাদেশ। আর সেই ম্যাচগুলোও একদিনের আন্তর্জাতিক হিসেবেই গন্য হবে।
