ক্রিকেট কমিটির সভায় অধিনায়কও আমন্ত্রিত
আন্তর্জাতিক পরিমন্ডলে তারা বাংলাদেশের বিজ্ঞাপন। অথচ ক্রিকেটাররা তাদের চাওয়া-পাওয়ার না মেলা হিসাবটা কর্তাদের সামনে উপস্থাপনের সুযোগ খুব একটা পান না।
আশার কথা হচ্ছে, দেরিতে হলেও সেই সুযোগ এবার মিলতে যাচ্ছে। সম্মিলিতভাবে হয়তো সেটা তুলে ধরার সুযোগ তারা পাবেন না, তবে তাদের হয়ে সুবিধা-অসুবিধার কথা জানাবেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক হাবিবুল বাশার। সেজন্য বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির পরবর্তী সভায় আমন্ত্রণ জানানো হবে তাকে। শুক্রবার ক্রিকেট কমিটির সভা শেষে বিসিবির সাধারন সম্পাদক মাহবুব আনাম জানিয়েছেন নতুন এই সিদ্ধান্তের কথা।
