২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওপেনারদের জয়-জয়কার

আবাহনী-ইয়াং পেগাসাস এবং বিমান-ভিক্টোরিয়া ম্যাচ দুটো বাদ দিন। এছাড়া শুক্রবার কাই-অ্যালটেক টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেটের অন্য চারটি ম্যাচের সবচেয়ে উল্লেখযোগ্য দিকই হলো ওপেনারদের জয়-জয়কার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2006, 08:33 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

তাদের সৌজন্যে কোনো কোনো ম্যাচে একেবারে সহজ সমাধান এসেছে। আবার কোনো ম্যাচ ছুঁয়েছে উত্তেজনার চরম মাত্রা। বিকেএসপির দুই নাম্বার মাঠে হওয়া মোহামেডান-ব্রাদার্স ম্যাচটার কথাই ধরুন। দু দলের দুই ওপেনার কেউ কারো চেয়ে কম গেলেন না। আগে ব্যাট করা মোহামেডানের ওপেনার ইমতিয়াজের কথা দিয়েই শুরু হোক। দলের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর অন্য ওপেনার জুনায়েদ সিদ্দিকীর। অধিনায়ক হাবিবুল বাশারের ২৪। সাদামাটা এসব স্কোরের পাশে ইমতিয়াজের আলোর বিচ্ছুরণ ঘটানো মাত্র ৫০ বলে ৭৬ রানের বিধ্বংসী ইনিংসটাই মোহামেডানকে পৌছে দেয় নির্ধারিত ২০ ওভার শেষে ১৭০ রানে।

ওই ইনিংসে ইমতিয়াজ ৬টি বাউন্ডারির সঙ্গে ছক্কার (৫টি) মহোৎসবও করলেন। এরপরও যে মোহামেডান নিরাপদ থাকলো না, তার কারণ ব্রাদার্সের ওপেনার শাহরিয়ার হোসেন। তিনিও কম গেলেন না। জাতীয় দলের সাবেক এই ওপেনারের ডাক নাম বিদ্যুৎ। এদিন তার ব্যাটেও বিদ্যুৎ খেলে যাওয়ায় বিপদ দেখতে পাচ্ছিল মোহামেডান।

অন্য ওপেনার হান্নান সরকারের (২৩ বলে ৪৫রান) যোগ্য সঙ্গও ব্রাদার্সকে মাত্র ৯.৪ ওভারেই পাইয়ে দেয় ৯৩ রানের ওপেনিং জুটি। হান্নান আউট হয়ে যাওয়ার পরও ইমরান আহমেদকে (৩৪*) নিয়ে ব্রাদার্সকে জয়ের পথই দেখাচ্ছিলেন শাহরিয়ার। দলকে ১৫১ রানে রেখে আউট হওয়ার সময় তার নামের পাশে মাত্র ৬১ বলে ৭২ রান। ৮ বাউন্ডারি ও এক ছক্কায়। এরপর ১১ বলে ২০ রানের সমীকরণ মেলাতে না পারায় ব্রাদার্স ম্যাচটা হেরেছে ৭ রানে।

একই মাঠের অন্য ম্যাচে প্রথম জয় পেয়েছে সিটি ক্লাব। অধিনায়ক শাহরিয়ার নাফীস কোনো রান না করেই আউট হয়ে গেলেও তার দল ১৮২ রানে পৌঁছালো অবশ্য কোনো ওপেনারের কারণে নয়। মিডল অর্ডার ব্যাটসম্যান মীর মুশতাকের ৫৯ বলে খেলা অনবদ্য এবং এখনো পর্যন্ত টুয়েন্টি-টুয়েন্টির সর্বোচ্চ (অপরাজিত) ৮৪ রানের ইনিংসের জন্য।

সিটির জয়ের ব্যবধান ৫৮ না হয়ে যে আরো বড় হলো না, তার কারণ অবশ্য পারটেক্সের ওপেনার আরিফুর রহমানের ৪৬ রান।

নারায়নগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে কলাবাগানের মামুলি ১০৭ রান তাড়া করে প্রিমিয়ারের বর্তমান চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএসের ৮ উইকেটের সহজ জয়ের কারণও ওপেনার মেহরাব হোসেন জুনিয়রের ৫২ বলের ৬০ রান। এদেশের সবচেয়ে বেশি টুয়েন্টি-টুয়েন্টি উপযোগী ব্যাটসম্যান বলে এখনই চিহ্নিত হয়ে যাওয়া তামিম ইকবাল এদিন কোনো রান না করে আউট হয়ে গেলেও মেহরাবকে সঙ্গ দিয়েছেন শামসুর রহমান শুভ (৪০)। একই মাঠে ইন্দিরা রোডের বিপক্ষে রানার্স-আপ সোনারগাঁ ক্রিকেটার্সের ৯ উইকেটের সহজ জয় পেসার মোহাম্মদ শরীফই (৩/১৬) নয়, এনেছে ওপেনার ইজাজ আহমেদের ব্যাটও (৫৪*)। ওপেনারদের জয়-জয়কার এবার বোঝানো গেল তো!

সংক্ষিপ্ত স্কোর

বিকেএসপি দুই নাম্বার মাঠ

মোহামেডান : ২০ ওভারে ১৭০/৪ ( ইমতিয়াজ ৭৬, জুনায়েদ ২৭, আফতাব ৮, সাকিব ১১, হাবিবুল ২৪*, তাপস ১৭*, হুমায়ুন ২/২৮, দেবব্রত ১/২৯, রুবাইয়াত ১/৩০)

ব্রাদার্স ইউনিয়ন : ২০ ওভারে ১৬৩/২ ( শাহরিয়ার ৭২, হান্নান ৪৫, ইমরান ৩৪*, আনিসুর ৫*, মঞ্জুরুল ১/৪৩, ইমতিয়াজ ১/২২)

ফল : মোহামেডান ৭ রানে জয়ী

ম্যান অফ দি ম্যাচ : ইমতিয়াজ হোসেন ( মোহামেডান)

সিটি ক্লাব : ২০ ওভারে ১৮২/৬ ( সাজ্জাদুল ২৯, মুশতাক ৮৪*, ইশরাক ৩৯, আহসানউল্লাহ ২/৩২, রাজিন ১/২৩, তারিক ১/২০)

পারটেক্স : ২০ ওভারে ১২৪/৫ ( আরিফূর ৪৬, রাজিন ২৮, তারিক ১০, আসলাম ২১, ফরিদউদ্দিন ২/১৯, আলী আরমান ২/২১, কামরুল ১/৩০)

ফল : সিটি ক্লাব ৫৮ রানে জয়ী

ম্যান অফ দি ম্যাচ : মীর মুশতাক (সিটি ক্লাব)

ফতুল্লা স্টেডিয়াম

কলাবাগান : ২০ ওভারে ১০৭/৭ ( নাহিদুল ২৪*, আরাফাত সালাউদ্দিন ২৫, অতিরিক্ত ১৭, নাজমুল ২/২৫, ডলার ২/১৭, খালেদ মাহমুদ ২/১৩)

ওল্ড ডিওএইচএস : ১৭.২ ওভারে ১০৮/২ ( মেহরাব ৬০*, শামসুর ৪০, শিকদার ১/১৮, রেজাউল ১/২০)

ফল : ডিওএইচএস ৮ উইকেটে জয়ী

ম্যান অফ দি ম্যাচ : খালেদ মাহমুদ (ডিওএইচএস)

ইন্দিরা রোড : ২০ ওভারে ১০১/১০ ( সুমন ২৮, মাহবুবুল ২/২৫, মোহাম্মদ শরীফ ৩/১৬, রফিক ১/১৫, আশিকুর ১/২৫, ইলিয়াস ১/১৭)

সোনারগাঁ ক্রিকেটার্স : ১৭ ওভারে ১০২/১ ( আল-শাহরিয়ার ২৪, ইজাজ ৫৪*, অলোক ৬*, তুষার ১/১১)

ফল : সোনারগাঁ ৯ উইকেটে জয়ী

ম্যান অফ দি ম্যাচ : মোহাম্মদ শরীফ (সোনারগাঁ)