দল গড়ার সংগ্রামে ঢাকার বাইরের ক্লাবগুলো
* ডিসেম্বর মাসে কেউ টাকা দিতে চায় না। * দেশের এই রাজনৈতিক অস্থিতিশীলতা পেশাদার লিগের দল গঠনে বিরূপ প্রভাব ফেলছে। * শুরুর বছর বাফুফে কিংবা সরকারের তরফ থেকে আর্থিক সহযোগিতা দেওয়া উচিত ক্লাবগুলোকে। এসব ঢাকার বাইরের ক্লাবগুলোর দাবি এবং উপলব্ধি।
পেশাদার লিগের অভিষেক বছরের দল গড়তে গিয়ে চট্টগ্রাম আবাহনী, চট্টগ্রাম মোহামেডান, খুলনা আবাহনী ও সিলেট জেলা ক্রীড়া সংস্থা এখন নানাবিধ সমস্যার মুখোমুখি। সীমিত সামর্থ নিয়েই তারা চেষ্টা করে যাচ্ছে মোটামুটি একটা দল গড়ে বাফুফের অঙ্গীকার রক্ষা করতে। দেশের প্রথম বি. লিগে অংশ নেওয়ার অঙ্গীকার। অথচ বাফুফের তরফ থেকে কোনো সহযোগিতা নেই, এটাই তাদের আক্ষেপ।
সহযোগিতাটা কীভাবে করা যেতো? চট্টগ্রাম মোহামেডানের সাধারন সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীমের জবাব, “ পেশাদার লিগটা যেহেতু আমাদের দেশের জন্য নতুন, তাই এটাকে চলমান রাখার জন্য প্রথমবারের সাফল্য খুবই জরুরী। সেজন্য বাফুফে নিজে না পারলে সরকারের কাছ থেকেও ক্লাবগুলোর জন্য একটা অনুদানের ব্যবস্থা করতে পারত। ঢাকার বাইরের দলগুলোর মাঝারিমানের দল গড়ার জন্যও এমন অনুদান দরকার। কারণ, আমি বারবার বলছি, প্রথমবারের প্রতিদ্বন্দ্বিতা ও আকর্ষনের ওপর বি. লিগের ভবিষ্যৎ ও জনপ্রিয়তা নির্ভর করছে অনেকখানি।”
দল গড়তে গিয়ে হিমশিম খেতে হচেছ বাইরের দলগুলোকে। এ প্রক্রিয়া শুরু করেই তারা দেখেছে, বছরের শেষ মাস বলে কেউ টাকা দিতে চাইছে না। পেশাদার লিগ হলেও এখনো ক্লাবগুলোর চালিকা শক্তি ক্লাব-সংশ্লিষ্ট ব্যবসায়ীদের চাঁদা। যাদের কাছ থেকে সচরাচর টাকা পাওয়া যেত তারাও এখন ডিসেম্বর মাস বলে মুখ ফিরিয়ে নিচ্ছেন।
আরেকটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক অস্থিতিশীলতা ও জাতীয় নির্বাচন। শুনুন সিলেট জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সাহেদ আহমেদ চৌধুরির মুখে, “ ঢাকায় সিলেটের কিছু ব্যবসায়ীর কাছে গিয়েছিলাম দল গড়ার অনুদানের জন্য। কিন্তু সবাই দেশের বর্তমান পরিস্থিতির কথা বলে পিছিয়ে গেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে বা নির্বাচন না থাকলে হয়তো তাদের কাছ থেকে কিছু টাকা পাওয়া যেতো।”
অশান্ত রাজনৈতিক পরিস্থিতিতে ব্যবসা-বানিজ্যে এমনিতেই মন্দাভাব, তার ওপর নির্বাচনের এগিয়ে আসাটা ব্যাবসায়ীদের জন্য হয়ে গেছে গোঁদের ওপর বিষফোঁড়া। কারণ, এ দেশের (অলিখিত) নিয়মই হলো, ব্যবসায়ীদের নির্বাচনী চাঁদা দিতে হয়। তাই ক্লাবগুলোর জন্য সময়টা মোটেও অনুকূল নয়। সেজন্যই এসময়ে পেশাদার লিগ চালুর উদ্যোগকে খুব ‘সময়োপযোগী সিদ্ধান্ত’ বলে মানতে পারছেন না সিলেট ডিএসএর যুগ্ম সম্পাদক।
তাই তাদের উচ্চাভিলাষি কোনো পরিকল্পনা নেই। ৩৫ লাখ টাকা বাজেটের মধ্যে সিলেট ও ঢাকার কিছু খেলোয়াড় নিয়ে ‘মোটামুটি মানের’ একটা দল গড়ছে তারা। তবে কবে রেজিস্ট্রেশন করাবে তা এখনো ঠিক করেনি। খুলনা আবাহনীও একই পথের পথিক; কোনোরকমে মাঠে নামানোর মতো একটা দল গড়াই তাদের লক্ষ্য।
সেদিক থেকে একটু এগিয়ে আছে চট্টগ্রামের আবাহনী ও মোহামেডান। দু’ দলের কর্মকর্তারাই মাঝারি মানের দল গড়ার কথা স্বীকার করলেও তাদের দাবি অনুযায়ী বড় দলগুলোর পথের কাঁটা হয়েই দাঁড়াবে দল দুটি। চট্টগ্রাম আবাহনীর সাধারণ সম্পাদক শামসুল হক চৌধুরি বলেছেন, “ দু-একজন তারকাকেও চেয়েছিলাম আমরা। কিন্তু তারা ৭/৮ মাস আগেই অন্য ক্লাব থেকে টাকা নিয়ে কথা দিয়ে রেখেছে। তারপরও ঢাকার মঞ্জু, সোহাগ এবং চট্টগ্রাম-ঢাকার কয়েকজন উঠতি খেলোয়াড়কে নিয়ে ভালো দলই গড়েছি আমরা। আশাকরি জাতীয় লিগের মতোই পেশাদার লিগেও সাড়া ফেলবে চট্টগ্রাম আবাহনী।” দল গড়া ও ক্যাম্প চালাতে ১ কোটি টাকার বেশি খরচ হবে বলে তিনি দাবি করেছেন। চারজন বিদেশীর জন্য উজবেকিস্তান ও ঘানায় যোগাযোগ করছে চট্টগ্রাম আবাহনী।
চট্টগ্রাম মোহামেডানও খেলোয়াড়দের সঙ্গে নিজেদের চুক্তি সেরে ফেলেছে। ঈদের পরপরই সেরে নেবে রেজিস্ট্রেশন পর্ব। তারুন্য-নির্ভর এ দলের বাজেট ৬০ লাখ টাকা। তবে বিদেশী আনার জন্য আরো ২০ লাখ টাকার প্রয়োজন আছে বলে মনে করছেন ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম। কিন্তু তার মনে প্রশ্ন , “পেশাদার লিগটা আগামীতে চালু থাকবে তো ?”
বাংলাদেশের প্রেক্ষাপটে এই প্রশ্ন ওঠা সঙ্গত। অনেক বৈরিতা ও সীমাবদ্ধতার মধ্যেও বাফুফের পেশাদার লিগ চালুর উদ্যোগে ঢাকার বাইরের ক্লাবগুলোও শামিল হয়েছে। ভবিষ্যতে বি. লিগ একটা সুন্দর জায়গায় গিয়ে পৌঁছালেই তাদের এই কষ্ট সার্থক হবে।
