২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীর সহজ জয়, বিমানকে মাটিতে নামালো ভিক্টোরিয়া

দুপুর নাগাদ কিছুক্ষণ পরপরই ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সবার মনযোগ কেড়ে নিচ্ছিল আকাশে মহড়া দিয়ে চলা বাংলাদেশ বিমানবাহিনীর বিমান। নীচে ততোক্ষণে বিমানকে মাটিতে নামিয়ে আনার কাজ অনেকটাই সেরে ফেলেছে ভিক্টোরিয়া।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2006, 06:52 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

কাই-অ্যালটেক টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেট ম্যাচে বিমানের ৬ উইকেটে তোলা ১২৭ রান তাড়া করতে নামার পর কখনোই মনে হয়নি ম্যাচটা হারতে পারে তারা। শেষপর্যন্ত ২১ বল বাকি থাকতে ৭ উইকেটের জয় পেয়েছে ভিক্টোরিয়া। একই মাঠে দিনের প্রথম ম্যাচে দুর্বল প্রতিপক্ষ ইয়াং পেগাসাসের বিপক্ষে আবাহনীর জিতেছে ৫৭ রানে।

ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবারের ম্যাচ দুটো ছিল দুই ‘উদ্দিন’-এর। প্রথমটা আবাহনীর নাজিমউদ্দিনের। পরেরটা ভিক্টোরিয়ার ওয়াসেলউদ্দিনের।

২০ ওভারের ক্রিকেটে আগে ব্যাট করে দেড়শ’র বেশি রানকে অনতিক্রম্য বলেই ধরা হয়। এবং আবাহনী যে ৫ উইকেটে ১৮৫ রান তুলল, তাতে ওপেনার নাজমুস সাদাত (২৬ বলে ৩৮, ৪ বাউন্ডারি ও ২ ছক্কা) এবং মাশরাফি বিন মর্তুজাদের (১২ বলে ২৭, ৩ বাউন্ডারি ও ১ ছক্কা) এধরনের ক্রিকেটের জন্য মানানসই ব্যাটিংয়ের অবদান কম নয় মোটেও। তবে সবচেয়ে বেশি অবদান নাজিমউদ্দিনের ৪৪ বলে ৬৩ রানের ইনিংসটার। তার চারটি বাউন্ডারি আর সমানসংখ্যক ছক্কার মারের সবগুলোই ছিল ‘ক্লিন হিট’।

অন্য ম্যাচে ৫৮ রানে ৬ উইকেট হারানো বিমানের ইনিংস একশ পেরুবে কিনা তা নিয়েই ছিল সংশয়। ৬ উইকেটের মধ্যে আগের ম্যাচে ৩৭ বলে ৪৯ রান করা রাকিবুল হাসানেরটাসহ (২২) দুটো উইকেট ওয়াসেলের। সেখান থেকে বিমান শেষপর্যন্ত ১২৭-এ পৌঁছালো মুশফিকুর রহমানের মাত্র ৩৬ বলে ৫৮ রানের ঝড়ে। তার এ ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি ও দুটো ছক্কার মার। এখানে তাকে মোশাররফ হোসেনের (২০*) দেওয়া সঙ্গের কথা না বললেই নয়।

কিন্তু জেতার জন্য ১২৭-কে নিতান্তই অপ্রতুল বলে মনে করাচ্ছিলেন ভিক্টোরিয়ার ব্যাটসম্যানরা। আর বাঁ-হাতি স্পিনার মুরাদ খানের বলে ছক্কা মেরে ম্যাচ শেষ করার সময় তাদের সবচেয়ে কম বলে খেলা বড় ইনিংসটা ওয়াসেলেরই ( ১৫ বলে ৩০)। ম্যাচ রেফারি রফিকুল ইসলামের জন্য ম্যাচ সেরা বেছে দেয়ার কাজটাও খুব সহজ হয়ে গিয়েছিল। দুই ম্যাচের দুই ‘উদ্দিন’।

সংক্ষিপ্ত স্কোর

আবাহনী : ২০ ওভারে ১৮৫/৫ (নাজমুস ৩৮, জহিরুল ১০, নাজিমুদ্দিন ৬৩, তুষার ১৫, মাশরাফি ২৭, নাঈম ৬*, খালেদ মাসুদ ১৫*, অতিরিক্ত ১১, শরীফুল্লাহ ২/২৪, লালমোহন ২/৩৬)

ইয়াং পেগাসাস : ২০ ওভারে ১২৮/৭ ( আসিফ ১৭, লালমোহন ২১, শরীফুল্লাহ ২২, মারুফ ৩৩*, জিয়াউর ২/২১, মাঞ্জারুল ২/১৮, শাহজাদা ২/১৬, সোহরাওয়ার্দী ১/২৩)

ফল : আবাহনী ৫৭ রানে জয়ী

ম্যান অফ দি ম্যাচ : নাজিমউদ্দিন (আবাহনী)

বিমান : ২০ ওভারে ১২৭/৬ ( জাভেদ ৮, রাকিবুল ২২, মুশফিক ৫৮*, মোশাররফ ২০*, শুভ্র ১/১৪, মিলন ২/২৯, ওয়াসেল ২/২২)

ভিক্টোরিয়া : ১৬.৩ ওভারে ১২৮/৩ ( গোলাম মাবুদ ২৭, নাসিরুদ্দিন ফারুক ৩০, রোজেল ৬, রিয়াদ ২৯*, ওয়াসেল ৩০*, নিয়াজ মোর্শেদ ২/১৯)

ফল : ভিক্টোরিয়া ৭ উইকেটে জয়ী

ম্যান অফ দি ম্যাচ : ওয়াসেলউদ্দিন ( ভিক্টোরিয়া)