স্বত্ত্ব ব্যবহারে ২৫ বছরের অনুমোদন!
‘ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটস’-এই শব্দগুচ্ছের আভিধানিক অর্থ হয়তো সবারই জানা। তবে আইনগত দিক থেকে এর গুরুত্ব ও পরিধি কতটা, তা এই প্রথম জানার সুযোগ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিফ এক্সিকিউটিভ অফিসার মাহমুদুর রহমানের।
অকপটে তা স্বীকারও করলেন,“এর আগে কখনো এ ধরনের বিষয় আমার সামনে আসেনি। এখন এসেছে বলে পড়ে পড়ে জানতে হচ্ছে।” কেননা অচিরেই বিসিবি নিজেদের কোচিং এবং আম্পায়ারিংয়ের মানোন্নয়নের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে যে চুক্তি করতে যাচ্ছে, তার একটা গুরুত্বপূর্ন ধারায় আছে ‘ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটস’ও। চুক্তি অনুযায়ী সেটা ২৫ বছরের জন্য ব্যবহারের অনুমতিও পাবে বিসিবি। মাহমুদ বিষয়টাকে সাধারনের বোধগম্য করে উপস্থাপনের চেষ্টা করলেন এভাবে, “কোচিং আর আম্পায়ারিংয়ের মানোন্নয়নে ওদের নিজস্ব কিছু পদ্ধতি আছে। যেগুলোর স্বত্ত্ব ওদের নিজেদের। তো ওই পদ্ধতিগুলো ২৫ বছর ব্যবহারের জন্য অনুমোদন নেবে বিসিবি। এই হলো ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটসের মোদ্দা কথা।”
