২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ে সফরের ম্যাচ সংখ্যা এখনো চূড়ান্ত হয়নি: মাহবুব

জিম্বাবুয়ের দাবি, বাংলাদেশ তাদের মাটিতে গিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের আতিথ্য নিক। কিন্তু বাংলাদেশ কোনোভাবেই চারটার বেশী ম্যাচ খেলতে চায় না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2006, 08:18 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

বিশ্বকাপের আগে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের বিষয়টা আপাতত সেখানেই থেমে আছে বলে জানিয়েছেন বিসিবির চিফ এক্সিকিউটিভ অফিসার মাহমুদুর রহমান,“আমি যত দূর জানি, সফরটা এখনো চূড়ান্ত হয়নি। ওরা চাইছে আমরা যেন পাঁচটা ম্যাচই খেলতে যাই। আমরা বলে দিয়েছি চারটার বেশি নয়। আপাতত এ জায়গাতেই থেমে আছে বিষয়টা। আর এর বাইরে অগ্রগতি কিছু থাকলে সেটা মাহবুব ভাই (বিসিবির সাধারণ সম্পাদক) জানবেন।”

দেশের বাইরে থেকে ফেরা মাহবুব জানাচ্ছেন অগ্রগতি তেমন একটা নেই,“না, এখনো আনুষ্ঠানিক সম্মতি আসেনি। এলে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। তবে আমরা যে জিম্বাবুয়েতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যাচ্ছি, এটা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। কয়টা ম্যাচ খেলব, সেটাই শুধু চূড়ান্ত হওয়া বাকি।” জিম্বাবুয়ের পক্ষ থেকে নিমন্ত্রণের প্রেক্ষাপটও বর্ণনা করেছেন মাহবুব,“গত জুলাই-আগস্টে আমরা যখন সেখানে খেলতে গিয়েছিলাম, তখনই তারা মৌখিকভাবে আমাদের আবার যাওয়ার প্রস্তাব দেয়। আগামী জানুয়ারির শেষদিকেই যাওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু তারপর আমাদের ঘরোয়া ক্রিকেট সূচীতে কিছুটা পরিবর্তন আসায় এখন আর ওই সময়ে খেলা সম্ভব হচ্ছে না। কারণ জাতীয় ক্রিকেটারদের প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডের কিছু ম্যাচ খেলার সুযোগও তো দিতে হবে। তাই আমরা বলেছি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যাব।”