২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবচেয়ে দামি খেলোয়াড়টিকে নিয়েই দুশ্চিন্তায় আবাহনী

মৌসুমের সবচেয়ে দামি খেলোয়াড় মোহাম্মদ সুজন। ১৮ লাখ টাকার চুক্তিতে তাকে দলে নিয়ে বিপাকে পড়েছে আবাহনী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2006, 08:36 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

রেজিস্ট্রেশন কেবল শুরু হয়েছে, শেষ হবে ফেব্রুয়ারির ১৪ তারিখ। কিন্তু এর মধ্যেই বড় বড় তারকাদের বিভিন্ন দলে যাওয়া নিশ্চিত হয়ে গেছে। সুবাদে তাদের চুক্তির অংকটাও অনেকটা জানা। তাই এখনই বলে দেওয়া যায় আসন্ন ফুটবল মৌসুমে সুজনই সবচেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন; ১৮ লাখের ওপরে কেউ পাচ্ছেন না। এত দাম দিয়ে কেনা এই ফুটবলারের সার্ভিস কতটা পাবে তা নিয়েই শঙ্কায় পড়েছে আবাহনী। কারণ, এখনো ইনজুরি কাটিয়ে উঠতে পারেননি সুজন। বুধবারও খুড়িয়ে হাঁটতে দেখা গেছে তাকে।

ডান পায়ের হাঁটুর নীচের একটা অংশে রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। এটা কোনো আঘাতের ফল নয়, গত এপ্রিলে চ্যালেঞ্জ কাপ ফুটবলের সময় থেকেই তার এ সমস্যা। এক সময় ডান পায়ের বুড়ো আঙ্গুল প্রায় অবশ হয়ে গেলে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন সুজন। তাই দু-মাস আগে ভারতের ডা. অনন্ত যোশীর কাছেও ছুটে গিয়েছিলেন বলে জানালেন, “ডাক্তার বলেছেন, প্রচন্ড চাপ পড়ার কারণে হয়তো পায়ের ওই অংশে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গিয়েছিল। তবে এখন আমি অনেক ফিট। আশা করি, লিগ শুরু হওয়ার আগেই আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠবো।”

কিন্তু বাস্তবতা হচ্ছে, তার হাঁটতে কষ্ট হয় এখনো। ফুটবল দলের ম্যানেজার সত্যজিৎ দাস রূপুও এ নিয়ে শঙ্কিত,“ দু মাসে কতটা সুস্থ হবে তার ওপরই নির্ভর করছে সুজনের মাঠে নামা। ভারতের ডাক্তার দেখিয়ে আসার পর এখানকার চিকিৎসাটা ভালো হয়নি।ও নিজেও খুব চিন্তিত এই ইনজুরি নিয়ে।”

অথচ ডিফেন্সটাকে প্রাচীর বানাতে তাকেই বেশি দরকার আবাহনীর। সেজন্য ২০০৫ সালের লিগ চলাকালীন অগ্রিম টাকাও দিয়ে রেখেছিল। তখন কে জানত এরকম এক ইনজুরিতে পড়বেন সুজন! তাই এই অনিশ্চয়তার মধ্যে চুক্তির ৮ লাখ টাকা পেয়েছেন এখন পর্যন্ত। সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে নামলে বাকি টাকাও পেয়ে যাবেন।

ওদিকে তার সতীর্থরাও ভীষণ শঙ্কিত তাকে নিয়ে। সবচেয়ে দামি খেলোয়াড়টি আদৌ মাঠে নামতে পারবেন কিনা, এ নিয়ে সন্দেহ কম-বেশি সবারই। আবাহনীর শিরোপা-অভিযানে নামার আগে এটা তো নিঃসন্দেহে এক বড় ধাক্কা।