২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুরালির ঘূর্ণিতে নিউজিল্যান্ড কুপোকাৎ

চামারা সিলভার টেস্ট শেষ হলো মুত্তিয়া মুরালিধরনের হাত ধরে। কথাটা বেশি সরল-সহজ মনে হতে পারে, তবে এটাই সত্যি। ওয়েলিংটন টেস্ট ২১৭ রানে জিতে নিয়েছে শ্রীলংকা। ম্যাচের চতুর্থ দিনে নিউজিল্যান্ড অলআউট হয়ে গেছে ২৮৬ রানে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2006, 06:58 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

২ উইকেটে ৭৫ রান নিয়ে জয়ের লক্ষ্য ৫০৪ রানের দিকে যাত্রাটা সোমবার একেবারেই ভালো হয়নি নিউজিল্যান্ডের। ৭৫ থেকে ১১৫ পর্যন্ত প্রতিরোধ দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন অধিনায়ক ফ্লেমিং (২৭)। তাকে মালিঙ্গা কট বিহাইন্ড করার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় মড়ক। ১৩৯, ১৫৬, ১৬১ ও ১৬৩-পর পর আরো চারটি উইকেট হারালে ্িনউজিল্যান্ডের স্কোর হয়ে যায় ৭ উইকেটে ১৬৩। সিনক্লেয়ার (৩৭), অ্যাস্টল (৯), ওরাম (৪), ম্যাককালাম (১৭) আউট। ওরাম ছাড়া বাকি তিনজনই মুরালির জাদুর শিকার। তখন শ্রীলংকার জয় শুধু সময়ের ব্যাপার। সেই সময়টা এসেছে অনেক প্রতীক্ষার পর। অষ্টম উইকেটে ৯৬ রানের জুটি গড়ে লঙ্কানদের হতাশা খুব বাড়িয়ে দিয়েছিলেন ড্যানিয়েল ভেট্টোরি আর জেমস ফ্র্যাঙ্কলিন। শেষমেশ ভেট্টোরিকে (৫১) এলবিডব্লিউর ফাঁদে ফেলে উৎসবকে এগিয়ে আনেন মুরালি। সিনক্লেয়ারকেও ফিরিয়ে ১৯ তম বারের মতো পেয়ে যান ম্যাচে দশ উইকেটের আনন্দ। শেন বন্ডের উইকেটটাও হয়তো পেতেন। কিন্তু এ ইনিংসে তখনো পর্যন্ত একটাও উইকেট না পাওয়া ফারবিজ মাহরুফ তাকে আর সে সুযোগ দেননি।

ম্যাচে ১১৮ রানে ১০ উইকেট পেলেও ম্যাচ সেরার পুরস্কারটা পাননি মুত্তিয়া মুরালিধরন। সেই স্বীকৃতিটা যথার্থই গেছে প্রথম ইনিংসে ফিফটি (৬১) এবং দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি (অপরাজিত ১৫২) করা তরুন ব্যাটসম্যান চামারা সিলভা।