এবার সবাইকে ঘরোয়া ক্রিকেটে স্বাগত জানাচ্ছেন হাবিবুল
হাসতে হাসতেই হাবিবুল বাশার বললেন, “আমার মনে হয়, হাতের আঙ্গুলে গুনে মাশরাফি বলে দিতে পারবে ও ঘরোয়া ক্রিকেটে কয়টা ম্যাচ খেলেছে।”
তিনি নিজেও সংখ্যাটা উদ্ধারের চেষ্টা কিছূটা করলেন,“একবার আমার সঙ্গে মোহামেডানে চারটা ম্যাচ খেলেছিল। আর গতবছর তো খেলেইনি।” বাংলাদেশের সবচেয়ে ‘ইনজুরিপ্রবণ’ ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার সর্বশেষ প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলারই কথা ছিল না। তারপরও লিগ শেষ হবে হবে এমন সময়ে ইনজুরি থেকে সেরে ওঠায় দুটো ম্যাচ খেলতে পেরেছিলেন। তা-ও আবার ইন্দিরা রোডের মতো লিগের শেষের সারির দলের পক্ষে।
ঘরোয়া ক্রিকেটের উত্তাপ সেভাবে গায়ে না মাখিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে সফল এ বছর ওয়ানডে ক্রিকেটের সেরা বোলার মাশরাফি। ৪৯ উইকেট নেয়া এই ফাস্ট বোলারের মতো আরো অনেকেই আছেন, যাদের খুব বেশী ঘরোয়া ক্রিকেটে খেলার অভিজ্ঞতা নেই। প্রশ্ন করায় বাংলাদেশ অধিনায়কের মুখ থেকেই তাদের নামগুলো শোনা গেল, “শাহরিয়ার নাফীস আছে। ফরহাদ রেজা অবশ্য একটা মৌসুম পুরোই খেলেছে। তবে সাকিব আর মেহরাব জুনিয়রদের লিগ ক্রিকেটে তেমন একটা খেলা হয়নি।”
বিশ্বকাপের আগে বিশেষ করে এদেরকেই হাবিবুল ঘরোয়া ক্রিকেটে স্বাগত জানাচ্ছেন বেশি করে। ২০ ডিসেম্বর থেকে মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার ক্রিকেট লিগ। এবার তা শুরু হচ্ছে টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেট দিয়ে। এরপরই হবে একদিনের ম্যাচের প্রতিযোগীতা। এখন পর্যন্ত হয়ে থাকা সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় দলের খেলোয়াড়রা প্রিমিয়ার ক্রিকেটে খেলতে পারবেন আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। তবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরে যাওয়াটাও একরকম নিশ্চিত। সেক্ষেত্রে হয়তো জাতীয় ক্রিকেটারদের প্রিমিয়ারে খেলার মেয়াদ কমে যাবে কিছুটা।
যতটুকু সময়ই খেলার সুযোগ পাওয়া যাবে তাতে বিশ্বকাপের জন্য তার দলের প্রস্তুতির পালে হাওয়া লাগবে বলেই বিশ্বাস হাবিবুলের,“বসে থাকার চেয়ে খেলা অনেক ভালো। আর প্র্যাকটিস করার চেয়ে খেলা অনেক ভালো তো অবশ্যই। বিশ্বকাপের আগে এই খেলার মধ্যে থাকাটা ভীষণ উপকারে আসবে আমাদের।” তবে নিজের দলের তরুণ সদস্যদের জন্যই ঘরোয়া ক্রিকেটে খেলার গুরুত্বটা সবার আগে থাকছে অধিনায়কের বিবেচনায়,“নাফীসের কথাই ধরুন। আন্তর্জাতিক ক্রিকেটে খুব ভালো করছে। কিন্তু অস্ট্রেলিয়ার সঙ্গে সেঞ্চুরিটা যখন করল, অনেকেই অবাক হয়েছেন ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার এত অল্প অভিজ্ঞতার কথা শুনে (অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩৮ রানের ইনিংসটাই ছিল তার প্রথম ফার্স্ট ক্লাস সেঞ্চুরি)। প্রিমিয়ার ক্রিকেটেও ও খুব বেশি খেলেনি। ও ছাড়া সাকিব, মেহরাব ও মাশরাফিদের জন্য এবারের প্রিমিয়ারে খেলাটা ভীষণ এক্সাইটিং হবে বলেই আশা করছি।”
নিজের আশার সীমা শুধু খেলার মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাইছেন না হাবিবুল। বরং ঘরোয়া ক্রিকেট থেকে বিশ্বকাপ মাতানোর রসদ নিয়ে যাওয়ার দাবিটাও তার থাকছে দলের তরুন সদস্যদের কাছে,“আমাদের ঘরোয়া ক্রিকেটটা অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। এখানে প্রেশার ম্যাচ খেলতে হয়। ফলে দলের তরুনদের চাপ নেয়ার ক্ষমতাটা আরো বাড়বে। বিশ্বকাপের মতো বড় আসরে এটা কিন্তু খুব দরকার।” আর এ প্রয়োজন মাথায় আছে বলেই তরুণদের ঘরোয়া ক্রিকেটে স্বাগত জানাতে হচ্ছে অধিনায়ককে!
