বিশ্বকাপে ইনজামামই পাকিস্তানের অধিনায়ক
এমনিতে দলে তার কোনো প্রতিপক্ষ নেই। তবে হালে নিজেই হয়ে উঠেছেন নিজের প্রতিপক্ষ। তাই প্রশ্ন উঠছিল তার ফর্ম এবং ফিটনেস নিয়ে। সম্পুরক প্রশ্ন হিসেবে আসছিল “বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক থাকবেন তো ইনজামাম?”
রোববার এ প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), সে জবাবে জানিয়েছে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর এবং আগামী বছর বিশ্বকাপে ইনজামাম-উল হকই থাকবেন পাকিস্তান দলের অধিনায়ক।
আগামী মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে পাকিস্তান। আর ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপের আসর বসবে আগামী বছর। দুটো অভিযানেই অধিনায়ক হিসেবে ইনজামামকে চায় পিসিবি। কেন? তার উত্তর দিয়েছেন স্বয়ং পিসিবি চেয়ারম্যান ড. নাসিম আশরাফ, “ইনজামামকেই আমরা রাখছি, কারণ, আমরা চাই (সাফল্যের) ধারাবাহিকতা বজায় রাখতে এবং (দলের) স্থিতিটাকেও ধরে রাখতে।”
