২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাতানো খেলা নির্মূলের উপায় জানা নেই ব্রেন্ডনের

বাংলাদেশের ফুটবলের বড় সমস্যার নাম ম্যাচ পাতানো। কিন্তু তার প্রতিষেধক কী তা জানা নেই এএফসি কর্মকর্তারও।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2006, 09:02 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

রোববার বাফুফে ভবনে সাংবাদিকদের এক সেমিনারে পাতানো ম্যাচ নিয়ে আলোচনায় এএফসি ডিরেক্টর ব্রেন্ডন মেন্টন জানিয়েছেন, “বিশ্বব্যাপী পাতানো ম্যাচ হচ্ছে। কিন্ত ম্যাচগুলো যে পাতানো তা প্রমাণ করা খুব কঠিন। ফুটবলাররা এ ব্যাপারে মুখ না খুললে পাতানো ম্যাচ চিহ্নিত করা কঠিন।”

অন্যান্য দেশে হয় ফুটবল নিয়ে বেটিং, সেখানে বেশিরভাগ ক্ষেত্রে ফুটবলাররা জড়িত থাকে বলে সন্দেহ করা হয়। কিন্তু বাংলাদেশে ম্যাচ পাতানো হয় অন্যভাবে। দুটো দল এক হয়ে ম্যাচের আগেই ফল নির্ধারণ করে ফেলে। কেউ ইচ্ছে করে হেরে গিয়ে পয়েন্ট ছেড়ে দেয় কিংবা ড্র করে প্রতিপক্ষের হাতে পয়েন্ট তুলে দেয়। এরকম ঘটনা ঢাকার ফুটবলে অহরহ ঘটে। অথচ এর কোনো শাস্তি হয়না বলেই ফুটবলের এই রোগের এত বাড়-বড়ন্ত।

পাতানো ম্যাচ নির্মূলের জন্য পেশাদার লিগে অনেক নিয়ম-কানুনের কথা বলা হলেও সাংবাদিকদের ধারণা বাফুফেকেই সুস্পস্ট উদ্যোগ নিতে হবে। এজন্য ব্রেন্ডন মিডিয়ার ভূমিকাও জরুরী বলে মনে করেন,“বি লিগে এরকম কোনো ঘটনা ঘটে কিনা কিংবা কোনো ম্যাচ নিয়ে সন্দেহ থাকলে তা আমরা মিডিয়ার মাধ্যমে জানতে চাই। তারপর বিষয়টা এএফসি দেখবে।”