অস্ট্রেলিয়ার ঠিক পেছনে দাঁড়ালো বাংলাদেশ
এক ম্যাচে দুটো ফিফটি পাওয়া হলো না মাশরাফি বিন মর্তুজার। ব্যাট হাতে তার ছক্কার সয়লাবেই তো স্কটল্যান্ডের সামনে বাংলাদেশ তাদের ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ৬ উইকেটে ২৭৮ (সর্বোচ্চ ৩০১, প্রতিপক্ষ কেনিয়া) রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায়।
কেনিয়ার সঙ্গে সেই ম্যাচেও বাংলাদেশের তিনশ ছাড়ানোয় সবচেয়ে বড়ো ভূমিকা ছিল এর আগ পর্যন্ত মাশরাফির ক্যারিয়ার সর্বোচ্চ মাত্র ১৬ বলে অপরাজিত ৪৪ রানের ইনিংসটার। রোববার সেটাকে ছাড়িয়ে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফিফটি (৫১*), মাত্র ২৬বলে। বাংলাদেশের তৃতীয় দ্রুততম।
মাত্র এক বলের ব্যবধানে দুটো উইকেট তুলে নিয়ে দাঁড়ান আরেকটা ফিফটির কানাঘেঁষে। স্কোরবোর্ডে কোনো রান জমা হওয়ার আগেই ২ উইকেট হারিয়ে ফেলা স্কটিশদের সামনে তখন ফুঁসছেন উইকেট শিকারে এবছর সবার আগে থাকা ‘নড়াইল এক্সপ্রেস’। আরেকটা উইকেট হলে এখানেও ফিফটি হয়ে যায়। শেষপর্যন্ত সেটা হলো না বলে আফসোসও ঝরলো ব্যাটে-বলে ঝলসে সিরিজের শেষ ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া মাশরাফির কন্ঠে।
তবে সেই আফসোস বিলীন হয়ে যাওয়ার কথা ব্যক্তিগত অর্জনের ফুলে ফুলে গাঁথা দলীয় প্রাপ্তির মালায়। স্কটল্যান্ডকে মাত্র ১৩২ রানে গুটিয়ে দিয়ে ওয়ানডেতে সবচেয়ে বড়ো ১৪৬ রানের জয়ের কারণেই শুধু নয়। নয় টানা অষ্টম ওয়ানডে জেতার জন্যও। এজন্য যে, রোববারের জয়টা বাংলাদেশকে এবছর ওয়ানডে সাফল্যের দিক থেকে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ঠিক পেছনে নিয়েও দাঁড় করিয়েছে। ২৯ ম্যাচ খেলে রিকি পন্টিংরা জিতেছেন ২০ ম্যাচে। এরপরেই হাবিবুল বাশারের দল, ২৮ ম্যাচে ১৮ জয়। মানসংখ্যক জয় আছে আরো দুটো দলের। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ (৩৩) ও শ্রীলংকা (৩৪) ম্যাচ খেলেছে বাংলাদেশের চেয়ে বেশী।
আড়াইশ’র বেশি হবে না দলের সংগ্রহ, এমন ভাবনাই আচ্ছন্ন করে ফেলছিল সবাইকে। যখন ২৭.৪ ওভারে দেড়শ’ পেরুনো বাংলাদেশের দুইশ’ তে পৌছাতে লাগল ৯৩ বল। ততক্ষণে উইকেটে স্বীকৃত ব্যাটসম্যানদের মধ্যে মোহাম্মদ আশরাফুল ছাড়া আর কেউ নেই। মাত্র ৪২ বলে নিজের একাদশ ওয়ানডে ফিফটি করা আফতাব আহমেদ ( ৫২) আবারো নিজেই নিজের অপমৃত্যুর কারণ। দুই ম্যাচে ১১৮ রান করে ম্যান অফ দি সিরিজ হওয়া এই ব্যাটসম্যান অযথাই অফস্পিনার মাজিদ হকের ওয়াইড বল উইকেট ছেড়ে মারতে গিয়ে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন। শুধু তিনিই নন। দায় সাকিব আল হাসান (৪৪) ও অধিনায়ক হাবিবুলকেও (২২) নিতে হবে কিছূটা। পরে এসবই পুষিয়ে দিয়েছে আশরাফূল-মাশরাফির সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ৭৯ রানের জুটি। শেষ ৫ ওভারে তারা তুললেন ৬৬ রান। জন ব্লেইনকে মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা হাকানো আশরাফুল অপরাজিত থাকলেন ৩৮ রানে। তবে তার আগেই মাজিদের এক ওভারে তিনটি ছক্কাসহ ২১ রান (১ রান ওয়াইড ধেকে) তুলে নেওয়া মাশরাফির বল হাতে প্রথম ওভারের ধাক্কাই বুঝিয়ে দিয়েছিল, বড়ো ব্যবধানেই হারতে যাচ্ছে স্কটল্যান্ড।
এরপর বাকী কাজটা সারায় মোহাম্মদ রফিক (৯.৩-৪-২৩-২), শাহাদাত হোসেন (৮-২-৩৪-১) ও সাকিব আল হাসানদের (৪-০-৮-১) অবদান তো আছেই। তবে সবচেয়ে বেশি অবদান আব্দুর রাজ্জাকের। ২৩ রানে ৪ উইকেট নেয়া এই বাঁ-হাতি স্পিনার রোববার এক অস্ট্রেলিয়ানকে টপকে আরেকজনের পেছনে বসেছেন। ব্রেট লিকে (৪৪) ছাড়িয়ে নাথান ব্র্যাকেনের (৪৬) পেছনে, ৪৫ উইকেট নিয়ে এবছরের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। ‘টপ থ্রি‘তে দুই বাংলাদেশী। আর বাংলাদেশ অস্ট্রেলিয়ার ঠিক পরেই!
