খুব সাবধানে পা ফেলছে আবাহনী ও মুক্তিযোদ্ধা
এ সপ্তাহের শেষের দিকেই ঢাকা আবাহনী পেশাদার লিগের দলবদলের রেজিস্ট্রেশন ফরম জামা দেবে ফুটবল ফেডারেশনে।
১৪ ডিসেম্বর থেকে পেশাদার লিগের রেজিস্ট্রেশন উন্মুক্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো ক্লাবই আনুষ্ঠানিকভাবে কোনো ফুটবলারকে নিশ্চিত করেনি। মানে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনে কোনো দলই রেজিস্ট্রেশন ফরম জমা দেয়নি এখনো।
তবে আবাহনীর ফুটবল ম্যানেজার সত্যজিৎ দাস রূপু এ সপ্তাহের মধ্যেই সেরে ফেলতে চান স্থানীয় ফুটবলারদের রেজিস্ট্রেশন, “১৬ জন ফুটবলারকে দলে নেওয়া মোটামুটি নিশ্চিত করা হয়েছে। তাদের সঙ্গে আমাদের চুক্তিও হয়ে গেছে। আশাকরি এ সপ্তাহের শেষের দিকেই তাদের রেজিস্ট্রেশন ফরম বাফুফেতে জমা দিতে পারব।”
বিদেশী খেলোয়াড়দের জন্য চারটি জায়াগা ফাঁকা রেখে আরো কয়েকজন দেশী খেলোয়াড়কে নিশ্চিত করবে আবাহনী। যদিও ২৩ জনের বেশি রেজিস্ট্রেশন করানো যাবে না, তারপরও তারা আরো কয়েকজন দেশী খেলোয়াড়কে নিশ্চিত করবে যাহে কারো ইনজুরি হলে তাকে বাদ দিয়ে নতুন কাউকে খেলানো যায়। তবে বিদেশীদের নিশ্চিত করতে তারা আরো একমাস সময় নেবে। সেই কাজটা করবেন তাদের বিদেশী কোচই। বিদেশী কোচ আনার ব্যাপারে এবার আবাহনী দৃঢ প্রতিজ্ঞ। তবে বেশ কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হলেও এ ব্যাপারে মুখ খুলতে নারাজ। “ইওরোপ এবং ল্যাটিন আমেরিকার কয়েকজনের সঙ্গে যোগাযোগ চলছে। আশা করি জানুয়ারির ১০ তারিখের মধ্যেই আমরা একজন বিদেশী কোচ নিশ্চিত করে ফেলতে পারব ”-বলেছেন আবাহনী ম্যানেজার। কোচ নিয়োগের পরপরই শুরু হবে আবাহনীর প্র্যাকটিস।
আবাহনীর মতো মুুক্তিযোদ্ধাও অনেক আগে দল গুছিয়ে নিলেও খুব তাড়াতাড়ি রেজিস্ট্রেশন ফরম বাফুফের কাছে জামা দিতে চায় না। আগামী ২৪ ডিসেম্বর আনুষ্ঠানিকতা সারার জন্য ফুটবলারদের ক্লাবে উপস্থিত হতে বলা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধার কর্মকর্তা আতাউর রহমান।
