ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা
সে দেশের ফুটবলে সরকারের অতিরিক্ত হস্তক্ষেপের কারণে গত মাসেই আন্তর্জাতিক ফুটবলে ইরানকে নিষিদ্ধ করেছিল ফিফা।
তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতেও বেশি সময় নেয়নি ফুটবলের সর্বোচ্চ সংস্থা। রোববার ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার জানিয়েছেন, এখন থেকে ইরান আবার আন্তর্জাতিক ফুটবলে অংশ নিতে পারবে।
অবশ্য নিষেধাজ্ঞা মাথায় নিয়েই এবার এশিয়ান গেমস ফুটবলে অংশ নিয়েছে ইরান। এ আসরে তাদের বিশেষ বিবেচনায় সুযোগ দিয়েছিল ফিফা। তবে ব্ল্যাটার জানিয়েছেন ফিফা,এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ও ইরান ফুটবল ফেডারেশনের মধ্যে আলোচনার পর সব সমস্যা শেষ। আন্তর্জাতিক ফুটবলে অংশ নিতে ইরানের সামনে এখন আর কোনো বাধা নেই।
