২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪৬ রানে ম্যাচ জিতে সিরিজও জিতে নিল বাংলাদেশ

দ্বিতীয় ওয়ানডেতে পাত্তাই পায়নি স্কটল্যান্ড। বাংলাদেশের ৬ উইকেটে ২৭৮ রানের জবাবে ৪১.৩ ওভারেই অলআউট হয়ে গেছে তারা ১৩২ রান করে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2006, 04:42 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

এভাবে ১৪৬ রানে ম্যাচ জিতে যাওয়ায় ২-০ তে সিরিজও জিতে নিল বাংলাদেশ। হাবিবুল বাশারের দলকে অনন্য এক উচ্চতায় তুলে দিয়েছে এ জয়। এ মৌসুমে ২৮ টি ওয়ানডে খেলে ১৮টিতে জিতেছে বাংলাদেশ। সাফল্যের হার হিসেবে বাংলাদেশের অবস্থান এখন অস্ট্রেলিয়ার ঠিক পরেই!

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হারা বাদ দিলে সব কিছুই হয়েছে হাবিবুল বাশারের মনমতো। স্কটল্যান্ড টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়াতেও অবশ্য ক্ষতি হয়নি বাংলাদেশের। বরং পুরো ৫০ ওভার ব্যাট করার নিশ্চয়তা অন্তত পাওয়া গেছে!

সেই নিশ্চয়তা পেয়ে ভালো স্কোরই দাঁড় করিয়েছিল বাংলাদেশ।

শেষ দিকে ব্যাট হাতে মাশরাফি বিন মর্তুজা ঝড় তোলায় স্কোরটা ২৭৮ পর্যন্ত গিয়েছে। মাশরাফির বোলার নিধনযজ্ঞে শেষ ৫ ওভারে আসে ৬৬ রান।

২৭৯ রানের জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই দু উইকেট হারিয়ে বসে স্কটল্যান্ড। উইকেট দুটো নিয়েছেন সেই মাশরাফি। ওই দুই উইকেট নিয়ে ত্রয়োদশ ক্রিকেটার হিসেবে এক মৌসুমে ৫০ উইকেট পাওয়ার সম্ভাবনা জাগিয়েছিলেন মাশরাফি। দুর্ভাগ্য তার, এ ম্যাচে ৪৮, ৪৯ হয়ে গেলেও ৫০তম উইকেটের দেখা তিনি পাননি।

দলের সাফল্যের কাছে নিজের এই হতাশাকে মাশরাফি নিজেও হয়তো সামান্যই মনে করবেন। তাছাড়া ব্যাট আর বল হাতে নিজে যে দলের জয়ে ভালো অবদান রাখতে পেরেছেন সেটাকেই এখন বড় মনে হওয়ার কথা।

মাশরাফির প্রথম ওভারের প্রলয়ের পর আর তেমন করে উইকেটে থিতু হয়ে কেউ আলোর পথ দেখাতে পারেননি স্কটল্যান্ডকে। ফ্রেজার ওয়াটস (২৯), ম্যাককালাম (২৩), ব্লেইন (২২) আর গ্লেন রজার্সেরা (২২*) আশা জাগালেও বড় ইনিংস খেলতে পারেননি।

বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার আব্দুর রাজ্জাক। ২৩ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। মাশরাফি (২/৩৯) আর রফিক (২/২৩) নিয়েছেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন শাহাদাত হোসেন (১/৩৪) আর সাকিব আল হাসান (১/৮)।

বোলিংয়ে স্কটিশদের সর্বনাশের সূচনা করা মাশরাফি ব্যাটিংতান্ডবটা চালিয়েছিলেন বাংলাদেশ ইনিংসের একেবারে শেষদিকে। ৫ টি ছক্কা ও ২ টি চারের মারসহ ২৭ বলে ৫১ রান করার পরও থেকে যান অপরাজিত। ওয়ানডে ক্যারিয়ারে তার এই প্রথম ফিফটি এসেছিল ২৬ বলে। মাশরাফির সঙ্গে ঠিক তাল মেলাতে না গেলেও শেষ দিকে মোহাম্মদ আশরাফুলও দ্রুত রান তোলার দিকে মন দিয়েছেন। তার কাছ থেকে বাংলাদেশ পেয়েছে হার না মানা ৩৮ রানের ইনিংস।

এর আগে শাহরিয়ার নাফিস (২৩), মেহরাব জুনিয়র (১৫) , সাকিব আল হাসান (৪৪), হাবিবুল বাশার (২২)-বলতে গেলে সবাই কিছু না কিছু অবদান রেখেছেন বড় স্কোর গড়ার পেছনে। আফতাব আহমেদ করেছেন ইনিংস সর্বোচ্চ ৫২ রান। দু অঙ্কের ঘরে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন শুধু মুশফিকুর রহিম (৬)।