২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের পথেই এগোচেছ শ্রীলংকা

এই সিরিজেরই প্রথম টেস্টে তার অভিষেক। দু ইনিংসে ০ এবং ০। একজন ব্যাটসম্যানের জন্য এর চেয়ে খারাপ অভিষেক আর কী হতে পারে!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2006, 02:20 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

তাই বলে চামারা সিলভার ওপর আস্থা হারায়নি শ্রীলংকা। ওয়েলিংটন টেস্টে তারই প্রতিদান দিয়ে চলেছেন ডান-হাতি এই ব্যাটসম্যান। দ্বিতীয় ইনিংসেও তাকে দেখা গেল ত্রানকর্তার ভূমিকায়। তার অপরাজিত ১৫২ রানের সুবাদে শ্রীলংকা অলআউট হয়েছে ৩৬৫ রানে। নিউজিল্যান্ডের জন্য অঙ্কটা বেশ কঠিন। প্রথম ইনিংসে পিছিয়ে থাকা ১৩৮ আর দ্বিতীয় ইনিংসের ৩৬৫ মিলিয়ে তাদের ওপর এখন ৫০৩ রানের বোঝা। জিততে হলে করতে হবে ৫০৪ রান।অথচ তৃতীয় দিন শেষে তাদের স্কোর ২ উইকেটে ৭৫।

বৃষ্টির জন্য রোববার খেলা শুরু হয়েছে দেরিতে। শুরুর পরও সমস্যা হয়ে দেখা দিয়েছে আলোর অভাব। এসব সমস্যা আগামী দু দিন আরো বেশি করে আসুক-নিউজিল্যান্ডের খেলোয়াড়রা মনে মনে তা চাইলে দোষ দেওয়া যাবেনা। ম্যাচের যা অবস্থা তাতে এ ম্যাচ বাঁচিয়ে সিরিজ জিততে হলে প্রকৃতির আনুকুল্য ছাড়া কাজ হবে বলে মনে হয় না।

শ্রীলংকা দিন শুরু করেছিল ৫ উইকেটে ২২৫ রান নিয়ে। আগের দিনের ৭৯ কে চামারা সিলভা সেঞ্চুরিতে রূপ দিতে পারলেও সঙ্গী প্রসন্ন জয়াবর্ধনে থেমে গেছেন ৩৭ রান করেই। এরপর চামারার সঙ্গে ৮৮ রানের জুটি গড়ে তোলেন চামিন্ডা ভাস (৪৭)। তাকে ফেরানোর কিছুক্ষণ পর ছোটখাট এক ধ্বংসযজ্ঞে মেতেছিলেন ড্যানিয়েল ভেট্টরি। চার বলে তিন উইকেট নিয়ে শ্রীলংকাকে শেষ করে দেওয়ায় এ ইনিংসে ১৩০ রানে ৭ উইকেট পেয়েছেন তিনি। টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে ১৩বার ইনিংসে ৫ বা তার বেশি উইকেট পেলেন নিউজিল্যান্ডের এই বাঁ-হাতি স্পিনার।