জয়ের স্বপ্ন দেখছে শ্রীলংকা
ম্যাচের মাত্র দ্বিতীয় দিন। এরই মধ্যে ওয়েলিংটন টেস্ট জিতে সিরিজে ফেরার স্বপ্ন দেখতে শুরু করেছে শ্রীলংকা। প্রথম ইনিংসে ২৬৮ রানে অলআউট হয়েছিল মাহেলা জয়াবর্ধনের দল।
জবাবে শনিবার ৪ উইকেটে ৬৬ রান নিয়ে দিন শুরু করা নিউজিল্যান্ড অল আউট হয়েছে ১৩০ রানে। দিন শেষে শ্রীলংকার অবস্থা আরো ভালো। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২২৫ রান করেছে তারা।
তার মানে প্রথম ইনিংসের ১৩৮ রানের লিডের সঙ্গে সফরকারীরা আরো ২২৫ রান যোগ করে ম্যাচ বাঁচানোর কাজটা বেশ কঠিন করে ফেলেছে নিউজিল্যান্ডের জন্য। আপাতত পেয়ে যাওয়া (১৩৮+২২৫=) ৩৬৩ রানের সঙ্গে রোববার শ্রীলংকা আরো কত যোগ করে তার ওপরই নির্ভর করছে ম্যাচ বাঁচানোর আশা আদৌ করতে পারবে কিনা স্টিফেন ফ্লেমিংয়ের দল। এমনিতে চামিন্ডা ভাস, মুরালিধরনদের নিয়ে গড়া বোলিং লাইন আপের জন্য ৩৬৩-ই হয়তো জয় আদায়ের জন্য যথেষ্ট। তার ওপর ওয়েলিংটনের উইকেট যেরকম আচরণ করছে তাতে নিউজিল্যান্ডের পরাজয় এড়ানোর ব্যবস্থা খারাপ আবহাওয়া বা অন্য কোনো দূর্বিপাক ছাড়া সম্ভব হয় কিনা সেটাই এখন দেখার।
নিউজিল্যান্ডকে কম রানে বেঁধে ফেলার পেছনে সবচেয়ে বড় অবদান লাসিথ মালিঙ্গার। ৬৮ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। মুরালিধরন নিয়েছেন ৩১ রানে ৪ উইকেট। তাদের বিরুদ্ধে সামান্য প্রতিরোধ গড়তে পেরেছেন শুধু ব্রেন্ডন ম্যাককালাম (৪৩)।
শ্রীলংকার দ্বিতীয় ইনিংসেও বড় ইনিংস খেলতে পারেননি কেউ। সর্বোচ্চ ৭৯ রান করে অপরাজিত চামারা সিলভার সামনে এখন প্রথম টেস্ট সেঞ্চুরির হাতছানি। রোববার সে পথে যেতে তাকে সহায়তা করতে পারে প্রসন্ন জয়াবর্ধনের (২২*) একটি দায়িত্বশীল ইনিংস।
