এশিয়াডে বাংলাদেশের মান বাঁচালো সেই কাবাডি
একটি পদকের এশিয়ান গেমস শেষ হয়ে গেছে বাংলাদেশের। এই একটি পদককে কেন্দ্র করেই বাংলাদেশের এশিয়াড অভিযান শুরু হয়। সেটি কাবাডির ব্রোঞ্জ।
গতবার তা রূপায় উন্নীত হলেও এবার নেমে এসেছে এক ধাপ নীচে। গত এশিয়াডে রূপা জয়ের সেই উৎসবের স্মৃতি এখনো অম্লান। অনেকদিন ধরে আলোকসজ্জায় উদ্ভাসিত ছিল ফেডারেশন, কর্তাদের মুখে লেগেছিল বিজয়ের আনন্দ। এবার তা ব্রোঞ্জ হয়ে যাওয়ায় সেরকম উৎসবের হাওয়া নেই। এই প্রাপ্তিও শঙ্কার মধ্যে পড়ে গিয়েছিল গ্রুপ ম্যাচে ইরানের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে যাওয়ায়। পরে স্থান নির্ধারনী ম্যাচে সেই ইরানকে ৩৭-২৬ পয়েন্টে হারিয়েই ওই একটি পদক জিতে ‘সম্মানটুকু’ অটুট রেখেছে বাংলাদেশ। এই একটি জায়গাতেই কাবাডি দেশের অন্য সব ডিসিপ্লিনকে হারিয়ে জাতীয় খেলার মর্যাদা রেখেছে।
কাবাডির পর চলে আসে এক গল্ফারের কৃতিত্বের কথা। এবারই প্রথম বাংলাদেশ এশিয়াডের গলফে অংশ নিয়েছে। এবং প্রথম সুযোগেই বাংলাদেশের চ্যাম্পিয়ন সিদ্দিকুর রহমান ৯৩ জনের মধ্যে হয়েছেন অষ্টাদশ। বাংলাদেশের এক গল্ফারের জন্য এটা কম বড় সাফল্য নয়।
গলফের মতোই দাবা দলও প্রথমবারের মতো এশিয়ান গেমসে গিয়েছিল এবং ফিরেছে সপ্তম হয়ে। ২১ জাতির মিশ্র দলগত ক্লাসিক দাবার নয় রাউন্ড শেষ করেছে ১৪.৫ পয়েন্ট নিয়ে। দলে ছিলেন গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার, আর্ন্তজাতিক মাস্টার এনামুল হোসেন রাজীব ও শামীমা আক্তার। তার আগে পুরুষদের র্যাপিড সুইস রাউন্ডেও বাংলাদেশের দুই দাবাড়ু ভালো করেছেন।
শুটারদের পারফরম্যান্সে কোনো উন্নতি দেখা গেল না এশিয়াডে। পাচঁজনের ইভেন্টই ছিল ১০ মিটার এয়ার রাইফেল এবং কেউই বাছাইপর্ব পেরিয়ে চূড়ান্ত প্রতিযোগিতায় নিজেদের তুলে নিতে পারেননি। তাদের মধ্যে পুলিশের মার খেয়ে এক মাস প্র্যাকটিসের বাইরে থেকেও আসিফ হোসেন খান সর্বোচ্চ ৫৮৮ স্কোর করে ৪৯ জনের মধ্যে চতুর্দশ হয়েছেন। ইমাম হোসেন (৫৮৫) ২৪-তম এবং অঞ্জন সিংহ (৫৮৫) হয়েছেন ৪৪-তম। মেয়েদের মধ্যে শারমিন আক্তার সর্বোচ্চ ৩৮৮ স্কোর করেছেন। তবে সুরাইয়া আক্তারের (৩৮২) পারফরম্যান্স যথারীতি একই। তার গায়ে ফেডারেশন প্রতিভাবানের লেবেল লাগিয়ে দিলেও এখনো কোনো প্রতিযোগিতায় তার প্রমাণ দিতে পারেননি সুরাইয়া।
ফুটবল দলের কাছে এশিয়াডে সবসময় একটি প্রত্যাশা থাকে – যেন কম গোল খেয়ে ফিরে। সেদিক থেকে কোরিয়ার কাছে ০-৩ গোলে পরাজয়টা সন্তোষজনক, কিন্তু বাহারাইন ও ভিয়েতনামের বিপক্ষে ১-৫ গোলের হারকে প্রত্যাশার চেয়ে বড়ই বলতে হবে। হকির একধাপ উন্নতি হয়েছে। বুসানে অষ্টম হওয়া বাংলাদেশ কাতারে হয়েছে সপ্তম।
শুটিং আর ফুটবলের মতো সাঁতার ও অ্যাথলেটিকসেও কোনো উন্নতি নেই। সাঁতারুরা আগের মতোই হিট থেকে বিদায়। গত কলম্বো এসএ গেমসে সোনা জয়ী শাহজাহান আলী ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ১: ১০.৯২ সেকেন্ড টাইমিং করে ৩২ জনের মধ্যে ২৭ তম হয়েছেন। এসএ গেমসের সোনা জয়ী হার্ডলার মাহফুজুর রহমান মিঠুর (১৪.২৭ সে) অবস্থানও বলার মতো কিছু হয়নি।
আসলে যেসব ডিসিপ্লিনে দক্ষিন এশীয় প্রতিযোগিতায় বাংলাদেশ সেরার মুকুট পরে, এশিয়াডে সেসব ডিসিপ্লিনে তাদের কাউকে খুঁজেই পাওয়া যায় না। সহজেই তাদের খোঁজ পাওয়া যাবে পারফরম্যান্সে এমন উন্নতি ঘটানোর কোনো উদ্যোগও অবশ্য নেয় না ফেডারেশনগুলো। যতদিন নেওয়া হবে না, ততদিন ওই কাবাডির দিকেই তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে।
