২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোলারদের দাপটে কোনোরকমে দেড়শ’ পেরিয়েছে স্কটল্যান্ড

স্কটল্যান্ডের দৈনিক ‘স্কটসম্যান‘-এ বাংলাদেশের সঙ্গে প্রথম ওয়ানডের আগে লেখা হয়েছে, “স্কটিশ ক্রিকেটাররা এখন দারুন উত্তেজিত। কারণ, তারা বাংলাদেশে ৩০ হাজার দর্শকের সামনে খেলবে।” কিন্তু এই সিরিজ নিয়ে সাধারণের আগ্রহের সলতেটা এমনই নিভু নিভু ছিল যে অত দর্শকের মাঠে আসার কথাই নয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2006, 02:22 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমীন স্টেডিয়ামে শুক্রবার দর্শক উপস্থিতি অবশ্য ক্রেইগ রাইটের দলের জন্য অপ্রত্যাশিতই ছিল। কিন্তু টসে হেরে আগে ব্যাট করতে নামা স্কটিশদের ৪৫.১ ওভারে মাত্র ১৫৩ রানে অলআউট হওয়াটা বোধহয় প্রত্যাশিতই।

তাদের সঙ্গে ম্যাচকে নিজের দলের খেলোয়াড়দের জন্য ব্যক্তিগত অর্জনের সুযোগ হিসেবেই দেখছিলেন হাবিবুল বাশার। সিরিজের প্রথম ম্যাচে সেই অর্জনের খাতা কানায় কানায় ভরিয়ে নিয়েছেন অনেকেই। তবে সবার আগে আসবে মাশরাফি বিন মর্তুজার নাম। সাকলায়েন মুশতাকের পর ওয়ানডে ক্রিকেটের প্রথম বোলার হিসেবে এক ক্যালেন্ডার ইয়ারে ৫০ উইকেটের হাতছানি এখন তার সামনে আরো বেশী করে। এ ম্যাচে ২ উইকেট নিয়ে তার উইকেটসংখ্যা ৪৭। আর এ সংখ্যাটাই তাকে এবছরের সবচেয়ে বেশি উইকেট পাওয়া বোলারের আসনে বসিয়ে দিয়েছে। অস্ট্রেলিয়ার নাথান ব্র্যাকেনকে টপকে যাওয়ার পথে তার প্রথম শিকার স্কটল্যান্ডের ওয়ান ডাউন ব্যাটসম্যান রায়ান ওয়াটসন। মাশরাফির বাউন্সার হেলমেটের গ্রিলের ফাঁক গলে আঘাত হানে তার ডান চোখের ঠিক ওপরে। সেখান থেকে বল উইকেটও ভেঙ্গে দিলে হিট উইকেট হন ওয়াটসন। আর ওই আঘাতে ভূমিশয্যা নেন তিনি। তার আঘাতের স্থান থেকে রক্তও ঝরেছে মাঠেই।

ওই ঘটনার ঠিক আগে স্কটল্যান্ডের ইনিংসে প্রথম আঘাতটা হানেন আরেক পেসার শাহাদাত হোসেন। এক পর্যায়ে ৭৪ রানে ৭ উইকেট হারিয়ে ফেলা স্কটল্যান্ড টেল এন্ডার কলিন স্মিথ (৩০), গ্লেন রজার্স (২০) ও রস লিওন্সের (২৮) দৃঢ়তায় ১৫৩ রানে পৌঁছায়। ২ উইকেট নিলেও ৯ ওভারে মাশরাফির রান খরচটা তুলনায় একটু বেশিই, ৪৯। শাহাদাত ৩৮ রানে নিয়েছেন ৩ উইকেট। তবে বাঁ-হাতি স্পিনার সাকিব আল হাসানের রান খরচে ছিলেন সবচেয়ে কৃপন, ১০-৪-১৩-১। আর মাত্র ১৬ রানে ২ উইকেট নেওয়ায় আব্দুর রাজ্জাকের উইকেট সংখ্যাও এবছর ৪০ ছাড়িয়ে গেছে।