২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলারদের পায়ে পেশাদারিত্বের শৃঙ্খল

খেলোয়াড়রা আর আগের মতো মরামারি ও রেফারির সঙ্গে দুর্ব্যবহার করতে পারবে না!

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2006, 10:08 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

‘বি লিগ’ মানে পেশাদার লিগ বলে কথা! তাই এবার ফুটবলারদের পেশাদারিত্বের শৃঙ্খলে বেঁধে ফেলতে চাইছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শুধু খেলোয়াড় নয়, কোচ ও সহকারী কোচের জন্যও এসব নিয়ম প্রযোজ্য হবে এবং রেজিস্ট্রেশনের সময়ই এরকম একটা অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে হবে খেলোয়াড়-কোচদের।

বাফুফে এরকম ১০ টি বাধ্যবাধকতার কথা উল্লেখ করেছে। বি. লিগের রেজিস্ট্রার্ড খেলোয়াড়-কোচদের অ্যাম্বাসেডর বা বিশেষ দূত হিসেবেই দেখা হচ্ছে। তাই তাদের লিগ, বাফুফে এবং লিগের ক্লাবগুলোর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয় এমন কাজ থেকে বিরত থাকতে হবে। মাঠ এবং মাঠের বাইরে তাদের আচরণ অসৌজন্যমূলক হতে পারবে না। কাউকে হুমকি দেয়া কিংবা উত্যক্ত করার মতো আচরণ থেকে নিজেদের বিরত রাখতে হবে।

রেফারির বাঁশি মেনেই মাঠে খেলতে হবে এবং রেফারি ও তার সহকারীদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এবং রেফারির সিদ্ধান্তের কোনো সমালোচনা করা চলবে না। রেফারি-লাঞ্ছনার মতো অঘটন এড়ানোর জন্যই এ ব্যবস্থা। এতে করে রেফারিদেরও নির্ভুল বাঁশি বাজানোর নৈতিক দায়বদ্ধতা বেড়ে গেল।

খেলোয়াড়-কোচদের সঙ্গে বাফুফে কিংবা বি.লিগ ও ক্লাবের গোপনীয় সম্পর্ক থাকতে পারে যা তাদের বজায় রাখতে হবে। তবে সেটা কীরকমের গোপনীয়তা তা স্পষ্ট করে বলেনি বাফুফে।

ম্যাচের ফলে প্রভাব ফেলতে পারে এমন কোনো কাজ যেমন কারো কাছ থেকে অর্থ নেওয়া বা দেওয়া কিংবা উপঢৌকনের মতো কিছু নেওয়া বা দেওয়া যাবে না। এরকম কিছু দেওয়া বা নেওয়া হলে তা জানার সঙ্গে সঙ্গে বাফুফে ও ক্লাবকে জানাতে হবে। ফুটবল নিয়ে যে কোনো ধরনের বাজি বা জুয়া (সকার-বেটিং) থেকে বিরত থাকতেই হবে কোচ ও খেলোয়াড়দের।

তাছাড়া যে কোনো সময় ডোপ-টেস্টের জন্য প্রস্তত থাকতে হবে খেলোয়াড়দের। লিগ কর্তৃপক্ষ যখন-তখন এই টেস্ট করাতে পারবে। তবে কোন কোন ড্রাগ নিষিদ্ধ এ সম্পর্কে বাংলাদেশের ফুটবলারদের কোনো ধারনা নেই। খেলোয়াড়-কোচরা নিজেদের বেতনের বেশি কিংবা কোনো বোনাস দাবি করতে পারবেন না ক্লাবের কাছে।

এসবের অন্যথা হলে বাফুফে কোচ-খেলোয়াড়দের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে। এসব নীতি-নৈতিকতার কথা আগেও ছিল, হয়তো এখনকার মতো লিখিত ছিল না। এবার লিখিত বলে খেলোয়াড়রা কি একটু ভয় পাবে?