২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাফুফেকে রূপুর জবাব ও আবহনীর কড়া চিঠি

একটা কারণ দর্শাও নোটিশের জবাবে বাফুফে পেয়েছে দুটি চিঠি। একটি সত্যজিৎ দাস রূপুর জবাব, অন্যটি তার ক্লাব আবহনীর দেওয়া বাফুফে কর্মকর্তাদের আচরনের কড়া সমালোচনা। সোমবার রাতে চিঠি দুটো পেয়েছে বাফুফে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2006, 04:14 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

“গত ৪ ডিসেম্বরের অশোভন আচরনের জন্য কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না ”– এই মর্মে আবাহনী ফুটবল দলের ম্যানেজার সত্যজিৎ দাস রূপুকে কারণ দর্শাও নোটিশ পাঠিয়েছিল বাফুফে। তার জবাবে রূপু ওই দিন বাফুফে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালের রুমে ঘটে যাওয়া অনাঙ্খিত ঘটনার বর্ননা দিয়েছেন। এবং বাফুফে সদস্য ছাইদ হাছান কাননের মারমুখী হয়ে ওঠার কথা উল্লেখ করে বলেছেন, “আবাহনী খেলতে চায় না-এই কথা কেন বলেছেন তা জানতে চেয়েছিলাম আমি সাধারণ সম্পাদকের কাছে। কিন্তু সম্পাদকের সামনেই কানন মারমুখী হয়ে ওঠেন।” রূপুর চোখে কানন অপরাধী, অথচ কাননের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে তাকে কেন কারণ দর্শাও নোটিশ পাঠানো হয়েছে তা বুঝতে পারছে না বলে দাবি করেছেন আবহনী ম্যানেজার। এছাড়া তিনি ওইদিন পেশাদার লিগে ক্লাবগুলোর রেজিষ্ট্রেশনের পর দলবদল দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেছিলেন। তাই এতে নিজের কোনো অপরাধ খুঁজে পাচ্ছেন না আবাহনী ম্যানেজার।

এর সঙ্গে পাঠানো ক্লাবের চিঠিতে আবাহনী জানিয়েছে “সেদিন বাফুফেতে গিয়েছিলেন ব্যক্তি রূপু নয়, তিনি ছিলেন প্রতিষ্ঠান।” অর্থাৎ আবাহনী ক্লাবের প্রতিনিধি হিসেবেই রূপু বাফুফেতে গিয়েছিলেন এবং বাফুফে সম্পাদক ও সভাপতি কেন আবাহনীর বিরুদ্ধে প্রচারনা করেছেন তা জেনে নিতে বলা হয়েছিল বলেই ক্লাব চিঠিতে উল্লেখ করা হয়েছে। কিন্তু রূপুর সঙ্গে বাফুফে কর্মকর্তারা যে অশোভন ব্যবহার করেছে তার কড়া সমালোচনা করেছে আবাহনী। সেই সঙ্গে আবাহনী সম্পর্কে বাফুফে সাধারণ সম্পাদকের বক্তব্যেরও নিন্দা জানানো হয়েছে চিঠিতে।