বাংলাদেশের তিনজনকে আহত করায় শাস্তি হয়েছে এক ওমানীর
বাংলাদেশের খেলোয়াড়দের ওপর চড়াও হওয়ার অপরাধে শাস্তি হয়েছে ওমানের এক হকি খেলোয়াড়ের। হুসাম আল হুসনি নামের ওই খেলোয়াড়কে সাসপেন্ড করা হয়েছে।
রবিবার ওমানকে ৫-৩ গোলে হারানোর পর বাংলাদেশী খেলোয়াড়দের ওপর ঝাঁপিয়ে পড়েছিল ওমানের খেলোয়াড়রা। মারাত্মকভাবে আহত হয়েছিলেন বাংলাদেশের তিন খেলোয়াড় জাহিদুল ইসলাম রাজন, এহসান রানা ও খন্দকার হাসান আহমেদ। রাজনের অবস্থা এতই খারাপ ছিল যে তাকে মাঠের বাইরে নিতে হয়েছে স্ট্রেচারে
করে ।
ম্যাচের দ্বিতীয়ার্ধে তাদের বিরুদ্ধে পেনাল্টি স্ট্রোকের বাশিঁ বাজালে পাকিস্তানী আম্পায়ার মোহাম্মদ লিয়াকতের ওপর ক্ষেপে যায় ওমানীরা। সেই যাত্রায় থামানো হলেও ম্যাচ শেষে বাংলাদেশের খেলোয়াড়দের মারধর শুরু করে তারা। এই অপরাধে কেবল হুসাম আলকেই সাসপেন্ড করা হয়েছে। অথচ ম্যাচেও তারা খেলার চেয়ে এলোপাথারি স্টিক চালানোর দিকেই মনযোগী ছিল, বাংলাদেশের অধিনায়ক মুসা মিয়া যেমন বলেছেন, “তারা মোটেও পরিচ্ছন্ন ম্যাচ খেলেনি। বল বাদ দিয়ে তারা খেলোয়াড়দের ট্যাকল করেছে, স্টিক দিয়ে আঘাত করেছে খেলোয়ড়দের।”
