স্কটল্যান্ড জিম্বাবুয়ের চেয়ে ভালো দল: হাবিবুল
“না, আমরা প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছি না কিছুতেই। মনে রাখতে হবে, এটা আন্তর্জাতিক ম্যাচ। এখানে কাউকেই হালকাভাবে নেয়ার সুযোগ নেই।”
এই কথাগুলো আপনি অবশ্যই শুনেছেন। নয়তো পত্রিকায় পড়েছেন। কখনো রিকি পন্টিংয়ের মুখে। কখনোবা সৌরভ গাঙ্গুলী কিংবা গ্রায়েম স্মিথের জবানিতে। আবার কখনো মাহেলা জয়াবর্ধনে। তখন তাদের প্রতিপক্ষের নাম ছিল বাংলাদেশ।
এবার বাংলাদেশের প্রতিপক্ষের নাম যখন স্কটল্যান্ড, তখন হাবিবুল বাশারের মুখেও শোভা পাচ্ছে পন্টিংদের বয়ান। এটাকে একেবারে ভিন্ন এক অভিজ্ঞতা বলেই জানাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক, “প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন কিনা, এই প্রশ্নটা আগে কখনো শুনতে হয়নি। বরাবর আমাদের সঙ্গে বড়ো দলগুলোর খেলার আগে তাদের অধিনায়ককে এ প্রশ্নের জবাব দিতে হয়েছে। এখন আমাকে দিতে হচ্ছে। এমন অভিজ্ঞতা এই প্রথম হচ্ছে।”
জিম্বাবুয়ের কাছে এবছরই তাদের মাটিতে হেরে আসায় ফিরতি সফরে হাবিবুলকে এ প্রশ্ন করার সাহস কারো হয়নি। যদিও হাবিবুলরা বারবারই বলে আসছিলেন, বাংলাদেশ তাদের চেয়ে আসলেই এগিয়ে আছে। ৫-০ তে হোয়াইটওয়াশ করার পরই বোধহয় তাদের কথাতে পূর্ণ বিশ্বাস আনা গেছে। স্কটল্যান্ডের ক্ষেত্রে সেই সমস্যা নেই। তাই ওই প্রশ্ন করতে কারো বাঁধছে না। কিন্তু হাবিবুল প্রশ্নকর্তাদের প্রশ্নে বাদ সাধার চেষ্টা ঠিকই করছেন।
১৫ ডিসেম্বর স্কটল্যান্ড সিরিজের প্রথম ম্যাচ খেলতে সোমবার রাতে চট্টগ্রামের ফ্লাইট ধরার আগে অধিনায়কের কথায় সেই চেষ্টা খুঁজে পাওয়া গেল। যদিও রাত ৮টার ফ্লাইটে চড়ার কথা ছিল দলের। কিন্তু সেটা ২ ঘন্টা বিলম্বে রওনা হবে শুনেই আরেকটা সিরিজের আগে শেষ আয়েশে মজে থাকা হাবিবুল কিছুতেই স্কটল্যান্ডকে হালকাভাবে দেখার বিলাসে যেতে রাজী হচ্ছিলেন না,“ভুলে গেলে চলবে না ওদের সঙ্গে ওয়ানডে খেলতে যাচ্ছি আমরা।” সেটাই একমাত্র কারণ নয় বলে মনে হলো হাবিবুলের পরের কথায়,“জানি না আমার ধারণা ঠিক কিনা। তবে স্কটল্যান্ডকে জিম্বাবুয়ের চেয়েও ভালো দল বলে মনে হচ্ছে আমার।’
এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে সিরিজের শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জয় দিয়ে অধিনায়ক হিসেবে নিজের ৫০-তম ম্যাচ উদযাপন করা হাবিবুল বলছেন, “ওদের বেশ কয়েকজন ক্রিকেটার কাউন্টি ক্রিকেটে খেলে। আইসিসির সহযোগী সদস্য দেশ হলেও কয়েকজনের কাউন্টির মতো জায়গায় ‘লংগার ভার্সন’ খেলার অভিজ্ঞতার কারণেই জিম্বাবুয়ের চেয়ে স্কটল্যান্ডকে ভালো দল বলে মনে হচ্ছে আমার। তাই ওদের সঙ্গে ঢিলেমি দেওয়ার কোনো সম্ভাবনাই নেই।” সেই সম্ভাবনা না থাকলেও নতুন অভিজ্ঞতা কিন্তু বাশারের হয়েই গেল!
