এশিয়াড হকিতে ভারতের ভরাডুবি, সাবেক খেলোয়াড়রা দুষছেন নির্বাচকদের
বিশ্বকাপের ভরাডুবির স্মৃতি টাটকা থাকতে থাকতেই আরেক লজ্জা। এবার এশিয়ান গেমস হকিতে লজ্জায় ফেলেছে ভারতীয় হকি দল। এশিয়ান গেমস ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো পদক না জিতেই দেশে ফিরতে হচ্ছে ভারতীয় দলকে। এই ব্যর্থতার জন্য তোলপাড় শুরু হয়ে গেছে সে দেশে। ব্যর্থতায় নতুন মাত্রা সৃষ্টি করার জন্য নির্বাচকদেরই দুষছেন ভারতের সাবেক হকি খেলোয়াড়রা।
হকিতে একেবারে অখ্যাত চীনের কাছে ২-৩ গোলে হেরে বড় বেকায়দায় পড়ে গেছে ভারতীয় দল। সেই ম্যাচের ফলাফলকে আপসেট মনে করে সঙ্গে সঙ্গে কেউ ক্ষোভ প্রকাশ করায় নেমে পড়েননি। নামবেন কিভাবে, ভারতের সামনে তখনো তো সেমিফাইনালে ওঠার সুযোগ ছিল। শেষ চারে উঠতে হলে দক্ষিণ কোরিয়াকে হারাতেই হতো। কিন্তু রোববার সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে ভারতীয় দল। ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় তাদের সব আশা শেষ। সঙ্গে সঙ্গেই সরব হয়ে উঠেছেন সে দেশের সাবেক খেলোয়াড়রা। অলিম্পিকে ভারতকে প্রতিনিধিত্ব করা মার্ভিন ফার্নান্দিস দলের খেলায় প্রশংসা করার মতো কিছুই খুঁজে পাননি, “ খুবই হতাশাজনক ফলাফল। (সেপ্টেম্বরে) বিশ্বকাপ বিপর্যয়ের পর আশা করেছিলাম এশিয়াডে অন্তত ঘুরে দাঁড়াবে ভারত। কিন্তু ম্যাচগুলো দেখে মনে হলো দলে সমঝোতার বড় অভাব, আক্রমনেও ফুটে উঠল সমন্বয়হীনতা। ফলে অলিম্পিক হকিতে সরাসরি অংশ নেওয়ার সুযোগটা আমরা হাতছাড়া করলাম।”
এ বছর বিশ্বকাপে ১২ টি দেশের মধ্যে একাদশ স্থান পেয়েছে ভারত। সেই ব্যর্থতা ঢাকার জন্য এশিয়াড সাফল্যও হয়তো যথেষ্ট নয়। তবু ব্যর্থতার বৃত্ত থেকে বেরোনোর জন্য দলে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছিল এবার। সুযোগ দেওয়া হয়েছিল অনেক নতুন মুখকে। অলিম্পিকে খেলা নিশ্চিত করতে হলে সোনা বা রূপা জিততে হতো ভারতকে। কিন্তু নতুন-পুরোনোদের সমন্বয়ে গড়া দল তা পারেনি। না পারার জন্য ভুল খেলোয়াড় নির্বাচনকেই দায়ী করেছেন ভারতের হয়ে অলিম্পিক হকিতে অংশ নেওয়া জোয়াকিম কারভালহো, “ দল গঠন একেবারেই ঠিক মনে হয়নি। আমার মতে এমন কিছু খেলোয়াড়কে এখানে সুযোগ দেওয়া হয়েছে যারা সুযোগ পাওয়ার যোগ্য নয়। এসব ভুল নির্বাচনের জন্য পুরো দলটাই ভারসাম্যহীন হয়ে পড়েছিল।”
