চার স্পিনার নিয়ে ঢাকায় স্কটল্যান্ড দল
তারা সচরাচর ক্রিকেট খবরের বিষয়বস্তু হয়ে উঠতে পারে না। তাদের খবর হতে হয় অন্য কারো মাধ্যমে। এই যেমন বছর তিনেক আগে ভারতীয় ক্রিকেট দলের তখনকার সহ-অধিনায়ক রাহুল দ্রাবিড় কাউন্টি ক্রিকেটে তাদের হয়ে খেলার জন্য সই করাতেই খবর হয়েছিল স্কটল্যান্ড। এবার তারা খবর হলো কোনো টেস্ট প্লেয়িং দলের বিপক্ষে দেশের বাইরে প্রথম সিরিজ খেলতে এসে।
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সোমবার সকালে ঢাকায় পৌঁছানো স্কটল্যান্ড দলটাকে আতিথ্য দেয়া নিয়ে অবশ্য অনেক প্রশ্ন আছে। অন্য কোনো সময়ে হলে কথা ছিল না। কিন্তু বিশ্বকাপের ঠিক আগে আইসিসির সহযোগী সদস্য এই দলের সঙ্গে হাবিবুল বাশারদের প্রস্তুতির আয়োজনকে ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা ছাড়া ভালো চোখে দেখছেন না কেউই। “কেন আমরা ওদের সঙ্গে খেলছি?”-বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের এই প্রশ্নে অবশ্য স্কটিশদের কিছু যায় আসে না। বাংলাদেশ সফর যে তাদের খেলা আন্তর্জাতিক ম্যাচের সংখ্যাকে দুই অঙ্কে নিয়ে যাওয়ার সুযোগ এনে দিয়েছে! ১৯৯৯-র বিশ্বকাপে পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পাওয়া স্কটিশরা পরের সাত বছরে মাত্র তিনটা আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। ক্রেইগ রাইটের নেতৃত্বাধীন স্কটিশ দলের কাছে বাংলাদেশের বিপক্ষে সিরিজটা তাই গরীবের ক্ষণিকের জন্য মার্সিডিজে চড়ার আনন্দের মতোই!
আনন্দের এই ক্ষণকে আরো রঙ্গীন করে তোলার প্রস্তুতিও স্কটিশরা নিয়ে এসেছে বলে দাবি তাদের কোচ পিটার ড্রিনেনের। দেশে থাকতেই তারা বলে এসেছে বাংলাদেশ সফরে অন্তত একটা জয় পেলে দারুণ হবে। সম্প্রতি জিম্বাবুয়েকে তুলোধুনো করার খবরের ভেতরের খবরগুলোও তারা নিয়ে এসেছে। যেমন পাঁচ ম্যাচের সিরিজে বাংলাদেশের বাঁ-হাতি স্পিনাররা কতো ওভার বল করেছেন। এটাও জানা যে, দেশের মাটিতে খেলা সর্বশেষ ১৭ ম্যাচের ১২টিতেই জেতা বাংলাদেশ নিজেদের মাঠে কম বেগ দেয়নি ভারত ও শ্রীলংকার মতো দলগুলোকেও। উপমহাদেশে এবারই প্রথম খেলতে আসা স্কটল্যান্ড দল এখানকার কন্ডিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে এক গাদা স্পিনার নিয়ে এসেছে। কোচ ড্রিনেন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে মিডিয়ার মুখোমুখি হয়ে সাফল্যের রসদ নিয়ে আসার কথাটাই জোর দিয়ে বললেন, “আমরা অবশ্যই জিততে চাইবো। যদিও বাংলাদেশের ক্রিকেট অনেক এগিয়ে গেছে। বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের খোঁজ-খবর রেখেছি আমরা। মনে হয়েছে এখানকার উইকেট স্পিনারদের জন্য খুব উপযোগী। সেজন্যই আমরা দলের সঙ্গে চারজন স্পিনার নিয়ে এসেছি।”
শেষমুহুর্তে দলে ঢুকে সংখ্যাটাকে চার করেছেন তাদের অস্ট্রেলিয়ান বংশোদ্ভুত বাঁ-হাতি স্পিনার গ্লেন রজার্স। তার জন্য দলে ঢুকেও জায়গা ছেড়ে দিতে হয়েছে ডান-হাতি পেসার জোহান ডিওয়াল্ড নেলকে। চার বছর স্কটল্যান্ডে থেকে সেখানকার নাগরিকত্ব পাওয়া রজার্সকে বাংলাদেশের জন্য ‘সারপ্রাইজ প্যাকেজ’ ধরা হচ্ছে বলেই জানা গেছে স্কটিশ পত্র-পত্রিকা থেকে।
কিন্তু শুধু একটা বা দুটো সারপ্রাইজ প্যাকেজ দিয়ে কি বাংলাদেশকে নাড়া দেওয়া যাবে? গত সাত বছরে মাত্র ৩টি ওয়ানডে খেলা স্কটল্যান্ডের জন্য কাজটা যে সহজ হবে না তা মানছেন অধিনায়ক রাইটও,“১৯৯৯-র বিশ্বকাপের বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচটাতে আমি খেলিনি, তবে ম্যাচটা দেখেছিলাম। তারপর থেকে বাংলাদেশ অনেক, অনেক এগিয়েছে।” এমন দলের বিপক্ষে অন্তত একটা জয় আবারো তাদের খবর বানাতে পারে সেটা তিনি জানেন। ২০০৪-এর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে স্কটল্যান্ডে দুটো প্রস্তুতি ম্যাচ খেলতে যাওয়া বাংলাদেশকে একটা হারের তেতো স্বাদ দেয়ার স্মৃতি আশাই জাগাচ্ছেছ। হাবিবুলদের হারিয়ে খবর হওয়ার আকাঙ্খা তাই তাদের থাকতেই পারে!
