স্কটল্যান্ড আসছে সোমবার
স্কটিশ পত্র-পত্রিকার খবর, বাংলাদেশের জন্য ‘সারপ্রাইজ প্যাকেজ‘ হবেন তাদের অস্ট্রেলিয়ান বাঁ-হাতি স্পিনার গ্লেন রজার্স। বাংলাদেশ সফরের দলে শেষ মুহুর্তে ঢুকেছেন তিনি।
নিয়মানুযায়ী চার বছর স্কটল্যান্ডে থেকে নাগরিকত্ব নেওয়া রজার্সের নাম বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে নেই। হয়তো শেষমুহুর্তে দলে ঢুকেছেন বলেই তার নামটা বিসিবিতে এসে পৌঁছায়নি। তাকে ছাড়া ১৫ সদস্যের দল স্কটল্যান্ড। দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সোমবার সকালে তারা ঢাকায় আসছে। পরেরদিন চলে যাবে চট্টগ্রামে। সেখানে ১৩ ডিসেম্বর বিসিবি অ্যাকাডেমি দলের বিপক্ষে একটা ওয়ার্ম আপ ম্যাচ খেলবে তারা। ১৫ ডিসেম্বর বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমীন স্টেডিয়ামে প্রথম ওয়ানডে। এরপর ১৭ ডিসেম্বর সিরিজের শেষ ম্যাচটি ঢাকাতে। ক্রেইগ রাইটের নেতৃত্বাধীন দলে গেভিন হ্যামিল্টনও আছেন, ১৯৯৯ র বিশ্বকাপে যার ব্যাট বাংলাদেশের বিপক্ষে স্কটিশদের জয় প্রায় এনেই দিয়েছিল।
