চায়না ক্রিকেটের ডেভলপমেন্ট ম্যানেজার হতে পারেন আমিনুল
জিম্বাবুয়েকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করার পর হাবিবুল বাশারকে ফোন করে আমিনুল ইসলাম যদি বলে থাকেন,‘হোয়াইন‘ , নিশ্চিত বাংলাদেশ অধিনায়ক শব্দের মানেটা বোঝেননি।
কিংবা খালেদ মাসুদকে যদি বলেন, ‘নি হো মা‘, তাহলে হিব্রু ভাষা ভেবে বসতে পারেন। তবে আমিনুল ওই শব্দগুলোর মানে জানেন। ‘হোয়াইন‘ মানে অভিনন্দন। আর ‘নি হো মা‘ মানে ‘তুই কেমন আছিস?‘
অপরিচিত ভাষার ওই শব্দগুলো ধীরে ধীরে পরিচিত হয়ে উঠছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়কের কাছে। তিনি চায়নিজ ভাষা শিখছেন। “কমেন্ট্রি করবেন না?”-এ প্রশ্নে যিনি বরাবরই বলে এসেছেন, “আমার ইংরেজিটা আরো ডেভেলপ করতে হবে।‘” তার হঠাৎ করে চীনা ভাষা শেখার আগ্রহে কোনো রহস্য না থেকে পারেই না।
আমিনুল চীনা ভাষা শিখছেন রীতিমতো শিক্ষক রেখে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা তত্ত্বের সাবেক অধ্যাপক আব্দুল হাইয়ের কাছে চীনা ভাষার পাঠ নিচ্ছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। রহস্যের জট প্রথমে খুলতে চাইলেন না,“ভবিষ্যতে র্জাতিকভাবে বহুল ব্যবহৃত ভাষার একটা হবে চায়নিজও। তাই শিখে রাখছি।” তাহলে তো চায়নিজের আগে ফ্রেঞ্চ কিংবা স্প্যানিশ শেখার কথা? প্রশ্নের পর প্রশ্নে ব্যতিব্যস্ত আমিনুল অবশ্য এক পর্যায়ে আর রহস্য রাখতে পারলেন না। জানা গেল, চায়নিজ ক্রিকেটের ডেভেলপমেন্ট ম্যানেজার হওয়ার জোরালো সম্ভাবনা আছে তার।
আর সেই সম্ভাবনার উৎস এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চিফ এক্সিকিউটিভ অফিসার বাংলাদেশের সৈয়দ আশরাফুল হক। সম্প্রতি ক্রিকেটে নিজেদের ভালো একটা অবস্থান অর্জনের জন্য উঠেপড়ে লেগেছে চীন। এক্ষেত্রে তাদেরকে সহায়তা দিয়ে যাচ্ছে এসিসি। সেই লক্ষ্য অর্জনের জন্য প্রথম পদক্ষেপেই একজন ডেভেলপমেন্ট ম্যানেজার নিয়োগ জরুরী। সেই নিয়োগে এসিসির পরামর্শ অগ্রাধিকার পাবে। আর আশরাফুলের সুপারিশ থাকবে আমিনুলের জন্যই , “আশরাফুল ভাইয়ের সঙ্গে অনেক আগেই এ ব্যাপারে কথা হয়েছিল । তিনি বলেছিলেন,‘তুই চায়নিজ ভাষাটা শিখতে শুরু কর। আমি ওদের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে তোর নাম প্রস্তাব করবো।’ সেজন্যই চীনা ভাষাটা শিখছি।”
আসছে প্রিমিয়ার ক্রিকেটে আবাহনীর কোচের দায়িত্ব পালনের পাশাপাশি তাই তার এই ভাষা শিক্ষাটাও অব্যাহত থাকবে । অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চাকরির প্রতিশ্রুতি পেয়েই অস্ট্রেলিয়া ছেড়ে দেশে ফিরেছিলেন বাংলাদেশের প্রথম বিশ্বকাপ অধিনায়ক। কিন্তু যারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, দেশে ফেরার পর তাদের ‘অন্যরুপ’ও দেখেছেন আমিনুল। গুঞ্জন আছে, নির্বাচকদের কমিশন বিতর্ক নিয়ে বোমা ফাটানোর ঘটনার অন্যতম অনুঘটক আমিনুলকেই ভেবেছেন অভিযুক্তরা। সেজন্যই নাকি ক্রিকেট বোর্ডে তার চাকরি অনির্দিষ্টকালের জন্য ঝুলে গেছে। তাই বলে আমিনুল কিন্তু তাদের কারো কাছে গিয়ে বলেননি,‘সিঁয়েসিঁয়ে ’ মানে ‘এক্সকিউজ মি ’। বলবেন কেন ,ক্রিকেট নিয়ে থাকার হাতছানি তো দেশের বাইরেও আছে আমিনুলের!
