রবিবার থেকে ক্রিকেটের দলবদল
প্রিমিয়ার ও প্রথম বিভাগ ক্রিকেট লিগের দলবদল শুরু হচ্ছে রবিবার থেকে। জাতীয় দলের খেলোয়াড়দের খেলার সম্ভাবনা থাকায় এবার অনেকদিন পর দলবদল অনেকটা প্রাণের ছোঁয়া পেয়েছে।
ইতিমধ্যে ঘর গুছিয়ে নিয়েছে শিরোপাপ্রত্যাশী দলগুলো। বর্তমান চ্যাম্পিয়ন ডিওএইচএসে খেলবেন জাতীয় দলের মেহরাব হোসেন জুনিয়র, আব্দুর রাজ্জাক ও শাহাদাত হোসেন। রানার্স আপ সোনারগাঁ ক্রিকেটার্সে খেলবেন তাদের পুরনো সৈনিক মোহাম্মদ রফিক ও মোহাম্মদ আশরাফুল । আগেরবারের মতো এবারো মোহামডোন পাচ্ছে জাতীয় দলের অধিনায়ক হাবিবুল বাশার, আফতাব আহমেদ ও তাপস বৈশ্যকে। ভিক্টোরিয়া ছেড়ে আবাহনীতে যাচ্ছেন খালেদ মাসুদ, পারটেক্সে অলক কাপালি। মাসুদের পাশাপাশি মাশরাফি এবং তুষার ইমরানকেও পাচ্ছে আবাহনী। বিমানে খেলবেন জাভেদ ওমর, সৈয়দ রাসেল ও ফরহাদ রেজা। শাহরিয়ার নাফীস থেকে যাচ্ছেন তার পুরনো দল সিটি ক্লাবে। এই ক্লাব থেকে রাজিন পাড়ি জমাচ্ছেন পারটেক্সে। দলবদল চলবে তিনদিন, প্রতিদিন বিকেল তিনটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
