২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কঠিন জয়,তবু ধরাছোঁয়ার বাইরেই বাংলাদেশ

বাংলাদেশ হয়তো এখন তাদের ধরাছোঁয়ার বাইরে। তাই বলে একটু নাড়াও দেয়া যাবে না! শেষ ওয়ানডেতে সেই নাড়াটাই জিম্বাবুয়ে দিতে পারলো বলে সবাই জমজমাট একটা সমাপ্তির কথা বলতে পারলেন। নয়তো ক্রিকেট অনুরাগীদের চোখে ‘পানসে ’ একটা সিরিজের মর্যাদাই পেতে যাচ্ছিল এটা। শুধূই হারানোর সিরিজ থেকে অন্তত একটা জয়ের কাছাকাছি পৌঁছাতে পারাও তো তাদের হিসাবে কম নয়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2006, 10:06 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

বাংলাদেশ কিন্তু যা চেয়েছিল, তার সবই পেল। ১৯৩ রান টপকাতে ৭ উইকেট খুঁইয়েছে বটে। কিন্তু ৬ বল হাতে রেখে মাত্র ৩ উইকেটের কষ্টসাধ্য জয়ে জিম্বাবুয়েকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করার গর্বে বুক ফুলে ওঠার ক্ষণ তো এলো।

বাংলাদেশ অধিনায়ক হাবিবুল বাশার এটাকে ‘হার্ড ফট‘ ম্যাচ মানছেন। কিন্তু এই সিরিজের সবচেয়ে কঠিন ম্যাচ কিছূতেই নয়, “আজকের ম্যাচটা কিন্তু আমাদের হাতেই ছিল। আস্কিং রেটও কখনো চিন্তায় ফেলার মতো হয়ে যায়নি। আমি বলবো বগুড়াতে খেলা সিরিজের তৃতীয় ম্যাচটাই সবচেয়ে কঠিন ছিল।”

ওপেনিংয়ে শাহরিয়ার নাফীস ও মেহরাব হোসেন জুনিয়র মিলে ৮৬ রান তুলে ফেলার পর এই ম্যাচও হাবিবুলদের জন্য কঠিন হয়ে যেতে পারে বলে ভাবাই যায়নি। আরেকটা অনায়াস জয়কে ভবিতব্য ধরে নিয়ে প্রেস বক্সের যাবতীয় মনোযোগ চলে গেল রবিবার থেকে শুরু হতে যাওয়া ঢাকার প্রিমিয়ার ক্রিকেট লিগের দলবদলের দিকে। সেখান থেকে আচমকা মাঠের দিকে সবার মনোযোগ ফিরিয়ে নিলেন গ্যারি ব্রেন্ট। নিজের দ্বিতীয় ওভারেই এক বলের ব্যবধানে লেগ বিফোরের ফাঁদে ফেললেন ম্যান অফ দি সিরিজ নাফীস (৩৩) এবং আফতাব আহমেদকে (৪)। বেশী সময় ব্যাটিংয়ের সুযোগ দিতে ছয় নাম্বার থেকে তুলে চারে পাঠানো মোহাম্মদ আশরাফুল (১৪) তার বলেই কাট করতে গিয়ে বোল্ড।তখনও মেহরাব ছিলেন। জিম্বাবুয়েকে বড়ো সংগ্রহের স্বপ্ন দেখানো স্টুয়ার্ট মাতসিকেনেরি (৭৫) এবং তার সঙ্গে এলটন চিগুম্বুরাকেও (২৭) বধ করে নিজের বা-হাঁতি স্পিনেও হাত পাকানোর কথা জানানো এই ওপেনার নিজের দ্বিতীয় ওয়ানডে ফিফটির দিকেই এগুচ্ছিলেন। কিন্তু তাকেও (৪৫) আশরাফুলের পরিণতি মেনে নিতে বাধ্য করা ব্রেন্ট পেয়েছেন প্রতিপক্ষ অধিনায়কের সার্টিফিকেটও,“গ্যারি ব্রেন্ট অসাধারণ বোলিং করছিলেন। তার উইকেট টু উইকেট করা বল খেলা একটু কঠিনই ছিল আমাদের জন্য।”

বিনা উইকেটে ৮৬ থেকে ১১৪ রানে ৪ উইকেট নেই। ব্রেন্টের জন্যই এমন দূরবস্থায় পড়া বাংলাদেশ সিরিজ জিতলেও এই ম্যাচের সেরার স্বীকৃতি জুটেছে তারই। ৫৩ রানে ৪ উইকেট, আগের ক্যারিয়ার সেরা বোলিংকে ছাপিয়ে অনেক আকর্ষনীয়ও ছিল তার বোলিং ফিগার ১০-৩-২২-৪, ওয়াইড বল থেকে ৬ রান গুনতে না হলে এই মিডিয়াম পেসারের বোলিংকে অবিশ্বাস্যও মনে হতে পারতো।

জিম্বাবুইয়ান পেসারের কীর্তি সেখানেই শেষ নয়। জিম্বাবুয়েকে দু‘শর সীমা ছাড়াতে না দেয়ার ক্ষেত্রে অগ্রনী ভূমিকা রাখা মাশরাফি বিন মর্তুজার (৩/৩৬) ক্যাচও নিয়েছেন এই ব্রেন্ট।

ওই ক্যাচের আগে-পরে দুটো দুর্ঘটনা। দায় অনেকটা অধিনায়ক হাবিবুল বাশারেরই। শর্ট ফাইন লেগে সাকিব বল ঠেলার পর অন্যপ্রান্তে মিসফিল্ডিং হয়। রান নেওয়া অসম্ভব দেখার পরও কী ভেবে ডাবলসের জন্য ডাক দিয়েছিলেন অধিনায়ক, তা তিনিই জানেন। কিন্তু তাতে সাড়া দিতে গিয়ে সাকিব (১১) রান আউটের খাড়ায়। ক্রিস্টোফার এমপফুর বলে হাবিবুল উইকেটের ওপর বল রেখেও রান নিতে চাওয়ায় ফরহাদ রেজাও (৬) মানলেন একই পরিনতি।

চাপে পড়লেই এমন ভুলভাল হয়। তবে অধিনায়ক হিসেবে নিজের ৫০-তম ম্যাচে মুশফিকুর রহিমকে (১৫*) নিয়ে জয়ের বন্দরে নোঙ্গর ফেলা হাবিবুল (৩২*) স্বস্তির নিশ্বাসটা জোরেই ফেলেছেন বোধহয়।

ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে গ্যারি ব্রেন্ট বলছিলেন,“আরো ২০ রান হলে আমাদের জেতার সুযোগ ছিল।” সেই সুযোগটা না দেয়ার কৃতিত্ব বাংলাদেশ দলের বোলারদের। তাদের সাফল্য এবং ব্যাটিংয়ে বিপদের গন্ধ ছড়ানো ঘটনার কাটাকুটি শেষে হোয়াইটওয়াশের তৃপ্তি এবং বাংলাদেশ জিম্বাবুয়ের দৃষ্টিসীমার বাইরেই!