২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কষ্ট করেই জিততে হলো নিউজিল্যান্ডকে

তৃতীয় দিনের চা বিরতির পর পরই খেলা শেষ। তিন দিনেরও কম সময়ে উইকেট পড়েছে ৩৫ টি! এ টুকু জানানোর পর বোধহয় আর বলার দরকার হয় না যে ক্রাইস্টচার্চে দাপট ছিল বোলারদের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2006, 06:49 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

 তবে একটু অন্য রকমও হতে পারতো পুরো বিষয়টা। একটু হলেই হয়তো ম্যাচ রিপোর্টে জয়ের নায়ক হিসেবে লিখতে হতো কুমারা সাঙ্গাকারার নাম। মুরালিধরন বিতর্কিতভাবে রান আউট না হলে নিজের একাদশ টেস্ট সেঞ্চুরিকে আরো বড় করার সুযোগ পেতেন সাঙ্গাকারা। তা হলে দ্বিতীয় ইনিংসে ১৭০ রানে অলআউট হয়ে মাত্র ১১৯ রানের লিড পেত না শ্রীলংকা। তখন কি আর নিউজিল্যান্ড ৫ উইকেটে ম্যাচ জিতে সিরিজে ১-০ তে এগিয়ে যেতে পারত?

নিউজিল্যান্ড যেভাবে ম্যাচ শেষ করেছে তাতে এ রকম প্রশ্ন ওঠাই স্বাভাবিক। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৫৮ রান থেকে ৪ উইকেটে ৬৮ হয়ে সত্যিই বড় রকম বিপর্যয়ের মুখে পড়েছিল স্বাগতিকরা। জেমি হাওকে (১১) এলবিডব্লিউ-এর ফাঁদে ফেললেন মুরালিধরন, কামিংকে (৪৩) কটবিহাইন্ড করালেন ভাস, স্টিফেন ফ্লেমিং (০) ৩ বল খেলেই ভাসের বলে পা দিলেন এলবিডব্লিউর ফাঁদে এবং ম্যাথু সিনক্লেয়ার হলেন কট বিহাইন্ড সেই মুরালিধরনের বলে। ৫৮, ৬৬, ৬৬ এবং ৬৮ রানে চারজন ব্যাটসম্যানের মিছিল থামাতে হাল ধরলেন নাথান অ্যাস্টল (২৪) ও জ্যাকব ওরাম (১২*)। ৩৮ রানের জুটি গড়ে অ্যাস্টল যখন বিদায় নিলেন তখন আর জয় বেশি দূরে নেই। দূরত্ব যেটুকুই ছিল তা দূর হয়েছে ৯ বলে ১৪ রানের ছোটখাট এক ঝড়ে।

শনিবার সকালে সাঙ্গাকারাও নেমেছিলেন ঝড়ো গতিতে রান তোলার চেষ্টায়। ৬৩ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা উইকেট কিপার-ব্যাটসম্যানকে অনেকক্ষণ সঙ্গ দিয়েছেন পেসার লাসিথ মালিঙ্গা, তবে ২৮ বল খেলে আউট হওয়ার আগে কোনো রান করতে পারেননি। অথচ নবম উইকেটে এসেছে ৪৪ রান! শেষ উইকেট জুটিতে ৩৭ রান পেয়েছে শ্রীলংকা। তাতে মুরালিধরনের অবদান মাত্র ৮ রানের। বুঝতেই পারছেন দলকে মোটামুটি একটা লিড দিতে কতটা দায়িত্ব নিয়ে ব্যাট করেছেন সাঙ্গাকারা। এমন নায়কোচিত চেষ্টার একটা পুরস্কারও পেয়েছেন তিনি। সেঞ্চুরি। একটু এদিক-সেদিক হলে সেটাও পেতেন না। সেঞ্চুরি পূর্ণ করা রানটি নেওয়ার পর সাঙ্গাকারাকে অভিনন্দন জানাতে ছুটে এসেছিলেন মুরালিধরন। অমনি স্টাম্প এলোমেলো করে আউটের আবেদন জানান ম্যাককালাম। সঙ্গে সঙ্গে আঙ্গুল তুলে দেন আম্পায়ার ব্রায়ান জার্লিং! মুরালিধরন রান আউট।

ওই একটা বিতর্কিত সিদ্ধান্ত না থাকলে নিউজিল্যান্ডের জয়ের আনন্দ হয়তো আরো বেশি উপভোগ্য হতো। অবশ্য সেক্ষেত্রে সাঙ্গাকারাকে ছাপিয়ে শেন বন্ডের ম্যান অব দ্য ম্যাচ হওয়া হতো কিনা কে জানে! সংক্ষিপ্ত স্কোর : শ্রীলংকা ১ম ইনিংস ১৫৪, ২য় ইনিংস : ১৭০; নিউজিল্যান্ড ১ম ইনিংস:২০৬, ২য় ইনিংস ১১৯/৫

www.cricinfo.com এর সহায়তায়