নির্বাসন ঘুচিয়ে নির্বাচন প্রচারাভিযানে সিধু
স্বেচ্ছা নির্বাসনে গিয়েছিলেন। ক্রিকেট মাঠ ছেড়ে যোগ দিয়েছিলেন কমেন্ট্রিতে। সেখানে এখনো দেখা যায় তাকে। তবে পাতিয়ালা থেকে অনেকদিন ধরে দূরে তিনি। শিগগিরই অবশ্য ফিরছেন।
ফিরছেন নিজের শহর পাতিয়ালায়। উদ্দেশ্য একটাই, বিজেপির হয়ে ভোট প্রার্থনা। ভারতের সাবেক ক্রিকেটার নভোজিৎ সিং সিধুকে অনেকদিন পর আবার কাছে পাবে পাতিয়ালাবাসী।
২০০৪ সালে অমৃতসর থেকে লোকসভায় নির্বাচিত হয়েছিলেন সিধু। তবে ১৮ বছর আগের এক হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ইস্তফা দেন লোকসভা থেকে। সাংসদ হওয়ার পর থেকে অমৃতসরকেই নিজের ‘দ্বিতীয় শহর’ ঘোষণা দিয়ে শপথ করেছিলেন সেখানকার জনপ্রতিনিধি থাকাকালীন পাতিয়ালায় পা দেবেন না। সিধুর স্ত্রী অবশ্য আছেন পতিয়ালাতেই। তিনি একটি সরকারি হাসপাতালের চিকিৎসক।
১৯৮৮ সালে ওই শহরেই সিধুর ঘুঁষিতে মৃত্যু হয় এক ব্যক্তির।
সূত্র জানায়, নির্বাচনে সমর্থন এবং হাইকোর্টের রায়ের পর তাঁর পাশে থাকার জন্য অমৃতসরবাসীদের ধন্যবাদ জানাতে প্রথমে সেখানেই যাবেন তিনি। অমৃতসর থেকে যাবেন পাতিয়ালায়। ফ্রেব্রুয়ারির বিধানসভা ভোটের আগে সিধুকেই দলের তারকা প্রচারক হিসেবে চাইছে বিজেপি। যদিও সর্বোচ্চ আদালত হাইকোর্টের রায় বহাল থাকলে ৬ বছর পর্যন্ত সংসদীয় রাজনীতির বাইরে থাকতে হতে পারে তাকে।
ভারতীয় পত্রিকা অবলম্বনে
