অল্পতেই জিম্বাবুয়েকে বেঁধে ফেলল বাংলাদেশ
বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের সর্বনিম্ন স্কোর কত? এ প্রশ্নের উত্তর খুঁজতে পরিসংখ্যান ঘাঁটাঘাটি শুরু হয়ে গিয়েছিল।
কারণ শুক্রবার মিরপুরের ‘হোম অব ক্রিকেট’-এ সিরিজের চতুর্থ ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নামা প্রোসপার উতসেইয়ার দলের স্কোর লড়াই করার মতো হবে না, এটা শুরু থেকেই মনে করাচ্ছিলেন বাংলাদেশ দলের বোলাররা।
পরিসংখ্যান জানাচ্ছে গত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়পুরে ১৩০ রানে অল আউট হওয়াটাই এখনো বাংলাদেশের বিপক্ষে তাদের সর্বনিম্ন স্কোর। আজ তার চেয়েও কম হওয়ার সম্ভাবনা এক পর্যায়ে জেগেছিল। তবে শেষপর্যন্ত তা না হলেও খুব বেশীও হয়নি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলতি সিরিজের চতুর্থ ওয়ানডেতে জিম্বাবুয়ের ইনিংস গুঁটিয়ে গেছে ১৪৬ রানে। জয়পুরের ৪৪.৪ চেয়ে অবশ্য ওভারও খেলেছে তারা বেশী, ৪৭.২ ওভার।
প্রতিপক্ষ অধিনায়কের শেষদিকে করা ২১ রান বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন রানের লজ্জা থেকে এ যাত্রা বাঁচিয়েছে। তবে ১১ রানে শাহাদাত হোসেনের বলে শর্ট ফাইন লেগে হাবিবুল বাশার উতসেইয়ার ক্যাচ না ফেলে দিলে জিম্বাবুয়ের ইনিংসের দৈর্ঘ্য আরো ছোটো হতো নিশ্চিত।
তবে বোলাররা যা করেছেন, তাতে অনেকটা নির্ভার থেকে লাঞ্চটা সারতে পেরেছেন ‘বেঙ্গল টাইগার‘রা। সিরিজের প্রথম দুই ম্যাচের ম্যাচ রিপোর্টে বাংলাদেশের স্পিনারদের আধিপত্যের কথাই কেবল লিখতে হয়েছে। তবে তৃতীয় ম্যাচে পেসারদেরও ছন্দে ফেরার ঘটনা সিরিজ জেতার আনন্দের মাঝেও আলাদা হয়ে থেকেছিল হাবিবুলের কাছে। চতুর্থ ম্যাচও তার ব্যতিক্রম নয়। বাঁ-হাতি স্পিনারত্রয়ীর সঙ্গে পাল্লা দিয়েই লড়েছেন তারা এ ম্যাচে। প্রতিপক্ষের ১০ টি উইকেট তারা পাঁচটি-পাঁচটি করে ভাগাভাগি করে নিয়েছেন।
তবে এদের মধ্যে সবাইকে ছাপিয়ে যাওয়া নাম মাশরাফি বিন মর্তুজা। কি রান কম খরচে, কি উইকেট শিকারে! প্রথম আঘাতটা তারই দেয়া। তৃতীয় ওভারে তার আউটসুইঙ্গারে পরাস্ত জাস্টিস চিবাবা (৪) হন ওয়ানডে মুশফিকুর রহিমের ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ডিসমিসাল। জিম্বাবুয়ের ইনিংসের শেষও মাশরাফির বোলিংয়েই। সঙ্গে আরেক ওপেনার টিনো মাওইয়োর (১৪) উইকেটও নেয়ায় মাশরাফিই দলের সফলতম বোলার। তার বোলিং ফিগারটা তুলে দিলে বোঝা যাবে রান খরচে তার কৃপণতাও জিম্বাবুইয়ান ব্যাটসম্যানদের ভোগান্তির কারণ কম হয়নি, ৬.২-২-১৪-৩।
মাশরাফির নতুন বলের পার্টনার শাহাদাত (২/৩৬) প্রথম স্পেলে মার খেলেও পরে ফিরেছেন দারুনভাবে। তাদের সঙ্গে আবারো নিজের বা-হাঁতি স্পিনে ত্রাস হয়ে থেকেছেন আব্দুর রাজ্জাক। প্রথম ও তৃতীয় ম্যাচের মতো এ ম্যাচেও নিজের প্রথম ওভারেই সাফল্য তার। হ্যামিল্টন মাসাকাদজার (১৩) পর ব্রেন্ডন টেলরও (৪) তার শিকার। রাজ্জাক পেয়েছেন ২৭ রানে ২ উইকেট। তবে তার চেয়েও উল্লেখযোগ্য ব্যাপার, সিরিজের চার ম্যাচে তার নামের পাশে এখন ১১ উইকেট। বলা যায় চতুর্থ ম্যাচে পেস আর স্পিনের জোড়া আঘাতেই আবারো টালমাটাল জিম্বাবুয়ে। তাদের স্কোর তো সেকথাই বলে!
