ইনজামাম খেললেন, জিতল পাকিস্তান
হারতে বসেছিল পাকিস্তান। বাঁচিয়ে দিলেন ইনজামাম। ৪ ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেই খেলেছেন অপরাজিত ৪২ রানের ইনিংস। দশ বল বাকি থাকতে ২ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে পাকিস্তান।
আগে ব্যাট করে মাত্র ১৫১ রানে অলআউট হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসে সর্বোচ্চ স্কোর রুনাকো মর্টনের ৪৩। মর্টনসহ দু অঙ্ক পেরিয়েছেন মাত্র পাঁচজন। ব্রায়ান লারা তাদেরই একজন। মাত্র ১৪ রান এসেছে তার ব্যাট থেকে। পাকিস্তানের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন ওমর গুল, নাভেদ-উল হাসান ও স্পিনার আব্দুর রেহমান।
জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে ওই ১৫২ রানের লক্ষ্যে পৌঁছানোও প্রায় অসম্ভব মনে হচ্ছিল পাকিস্তানের জন্য। মোহাম্মদ হাফিজ (০), ইমরান ফারহাত (১৭) , কামরান আকমল (২২), ইউনিস খান (২৪) , শোয়েব মালিক (৬), আব্দুর রাজ্জাক (১৭), নাভেদ-উল হাসান (১)-এর পর অষ্টম উইকেট হিসেবে আব্দুর রেহমানও(৭) বিদায় নিলে জয়ের খানিকটা গন্ধ হয়তো পাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ। ৪৬.৫ ওভার শেষে স্কোর ৮ উইকেটে ১৪৭ হলে স্বপ্ন দেখা তো যেতেই পারে! কিন্তু তখনো যে ছিলেন ইনজামাম। তাকে আর টলাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। জেরম টেলরের ৩৯ রানে ৩ উইকেট, কোরি কলিমোরের ১৯ রানে ৩ উইকেট, ব্র্যাডশর ২৩ রানে ১ উইকেট, মারলন স্যামুয়েলসের ১০ রানে ১ উইকেট-সব ভালোর পরও ওই একটি উইকেটের জন্যই হা-পিত্যেশ করতে হয়েছে ব্রায়ান লারাকে।
cricinfo.com এর সহয়তায়
