হাবিবুলদের চোখে শুধুই হোয়াইটওয়াশের স্বপ্ন
লাল মাটি থেকে এবার কালো মাটিতে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে!
এজন্যই কিছুটা বিভ্রান্তি। এবং সেটা শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে অভিষিক্ত হতে যাওয়া মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে। এখানে অনেক প্র্যাকটিস করেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সেই অভিজ্ঞতা থেকে সিরিজের চতুর্থ ম্যাচের জন্য নির্ধারিত হয়ে থাকা তিন নাম্বার উইকেট সম্পর্কে অধিনায়ক হাবিবুল বাশার বললেন, “এ উইকেটে আমরা প্র্যাকটিসও করেছি। ব্যাটিং ট্র্যাক। মনে হয় না এই উইকেটে পেসারদের জন্য খুব বেশী কিছু আছে।”
কিন্তু উইকেটটা যার হাতে তৈরি, সেই কিউরেটর শফিউল আলম বেলাল বলছেন অন্যকথা। তার কথায় লাল আর কালো মাটির পার্থক্যটাই বড়, ”খুলনা ও বগুড়ার উইকেট তৈরি হয়েছিল লাল মাটি দিয়ে। কিন্তু এখানে উইকেট কালো মাটির বলে পেসাররা বাড়তি বাউন্স পাবে। আমার অভিজ্ঞতা বলছে পেসাররা দারুন সুবিধা পাবে এখান থেকে।” সব ‘নতুন’ কিছু নিয়েই এধরনের বিভ্রান্তি থাকে।
আছে এখানেও। তাতে বাংলাদেশের লক্ষ্য থেকে বিচ্যুত হওয়ার ভয় একদমই থাকার কথা নয়। আগামীকাল সিরিজের চতুর্থ ম্যাচ খেলতে নামার আগেই সিরিজ জিতে বসে থাকা বাংলাদেশ দলের অধিনায়কের সন্তুষ্টির আরেকটা কারণ হয়ে আছেন তার পেসাররাও। “সিরিজের প্রথম দুই ম্যাচের তুলনায় তৃতীয় ম্যাচটাতে পেসাররা খুবই ভালো করেছে”-হাবিবুলের কন্ঠে পেসারদের ছন্দে ফেরার আনন্দ। তাই মিরপুরের উইকেটে পেসারদের জন্য কিছু থেকে থাকলেও তার অন্তত দুশ্চিন্তায় থাকার কিছু নেই।
সিরিজ জিতে বসে থাকায় আপাতত হারানোরও কিছু নেই বাংলাদেশের। তবে পাওয়ার আছে অনেক। এর আগে কেনিয়াকে হোয়াইটওয়াশের লজ্জা দেয়া গেলেও জিম্বাবুয়েকে এখনো এ লজ্জায় ফেলা যায়নি।
তাই ৩-০ তে এগিয়ে থাকার পরও প্রোসপার উতসেইয়াদের সেই লজ্জা দেয়ার স্বপ্নেই বুঁদ হয়ে আছেন সবাই। বৃহস্পতিবার সকালে মিরপুরে প্র্যাকটিস শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে এসে হাবিবুল জানিয়ে গেলেন, প্রতিপক্ষের জন্য সান্ত¡না হওয়ার মতো কিছুও তারা অবশেষ রাখতে চান না,“কালকের ম্যাচটাও খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা সব ম্যাচ জিততে চাই।”
সিরিজের প্রথম দুই ম্যাচের জয় সহজে এলেও পরেরটাতে কিন্তু প্রতিরোধের দেয়াল গড়ে দাঁড়াতে যাচ্ছিল জিম্বাবুয়ে। সুতরাং ছন্দে ফেরার পথেই আছে প্রতিপক্ষ। তাহলে কী পরের ম্যাচে আরো প্রতিরোধ আশা করছে বাংলাদেশ? সেটা আর কেউ আশা করলেও তার দলের কেউ করছেন না, এমনই বোঝাতে চাইলেন হাবিবুল। বরং তৃতীয় ম্যাচ থেকে ভালো লাগার রসদ আরো বেশীই খুঁজে পাচ্ছেন তিনি। বিস্মিত হয়ে থাকলে অবশ্য আফসোসই করবেন অধিনায়কের ব্যাখ্যাটা শুনলে, “প্রথম দুই ম্যাচে আমাদের জিতিয়েছিল ব্যক্তিগত পারফরম্যান্সের ঝলক। কিন্তু পরের ম্যাচটাতে আমরা জিতেছি দারুণ এক দলীয় প্রচেষ্টায়। ওই জয়ে অনেকেরই অবদান ছিল।”
সেদিনের পর থেকে তাই জিম্বাবুয়ের বিপক্ষে কখনো না থাকা অবস্থানে বাংলাদেশ। তাদের সঙ্গে সর্বশেষ দুটো সিরিজের কথা ভাবুন। ২০০৫ সালে দেশের মাটিতে পাঁচ ম্যাচের সিরিজে প্রথমে ০-২-এ পিছিয়ে ছিল তারা। এরপর এ বছর জিম্বাবুয়েতে গিয়ে সিরিজের চতুর্থ ম্যাচের আগেও ১-২-এ পিছিয়ে থাকা বাংলাদেশ সিরিজটাই হেরে বসেছিল।
এবার চতুর্থ ম্যাচের আগে হোয়াইটওয়াশের চোখরাঙ্গানি জিম্বাবুয়ের সামনে। যদিও বাংলাদেশ দলের বৃহষ্পতিবারের প্র্যাকটিসটা হলো একেবারে হালকা মেজাজের। কোনো নেট প্র্যাকটিস হয়নি। ব্যাটসম্যানদের মধ্যে কেবল মেহরাব হোসেন জুনিয়র ও মোহাম্মদ আশরাফুল নক করেছেন। এছাড়া আর সবাই দৌড়ঝাঁপে গা ঘামিয়েই পার করে দিয়েছেন প্র্যাকটিস সেশনটা। হাবিবুল অবশ্য জানিয়ে দিচ্ছেন সিরিজ জিতে যাওয়ায় তার দলের মাঝে গাছাড়া ভাব মোটেও চলে আসেনি। তা-ই স্বাভাবিক। কেননা মূল লক্ষ্য ‘৫-০’ অর্জিত হওয়াটা যে এখনো দুই জয়ের দূরত্বে।
