২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকি দল ফেলেছে লজ্জায়, কাবাডি জাগিয়েছে আশা

দোহা এশিয়ান গেমসে পদক জয়ের আশা জাগিয়েছে বাংলাদেশ কাবাডি দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2006, 10:22 AM

Updated : 26 Apr 2022, 04:07 PM

হকিতে লজ্জায় ডোবার দিনে কাবাডিতে ৩৭-২৭ পয়েন্টের জয় এসেছে জাপানের বিপক্ষে। কাল ব্রোঞ্জ পদক জয়ের জন্য ইরানের মুখোমুখি হতে হবে। সুতরাং পদক জয়ের সম্ভাবনা ধরে রাখা সম্ভব হয়েছে,তা ঠিক। তবে জাপানের সঙ্গেও প্রথমার্ধে বাংলাদেশ ১০-১১ পয়েন্টে পিছিয়ে ছিল এ বাস্তবতা কিছুটা শঙ্কিতও করছে। গ্রুপ পর্যায়ে ইরানের কাছে হারের প্রতিশোধ নিতে পারবেই এমন আশা জাগানোর মতো পারফরম্যান্স জাপানের বিপক্ষেও দেখাতে পারলো কই!

কাবাডি তো তবু জয় পেয়েছে। হকিতে তো প্রথম ম্যাচে ভারতের কাছে হারার পর মঙ্গলবার ৯-১ গোলে কোরিয়ার কাছে হেরে গেছে বাংলাদেশ। প্রথমার্ধে খেলা এত একতরফা হয়নি। মাত্র ১-২ গোলে পিছিয়ে থেকে ওই সময়টুকু পার করতে পেরেছিল বাংলাদেশ দল। ১৭ মিনিটে জাং জং হুংয়ের গোলে এগিয়ে যায় কোরিয়া। কিন্তু মিনিট আটেক পরেই মুসা মিয়ার গোলে বাংলাদেশ ম্যাচে ফেরে। অবশ্য কিছুক্ষণ পরেই আবার এগিয়ে যায় কোরিয়া।

অবিশ্বাস্যভাবে কম গোল খেয়ে প্রথমার্ধ শেষ করা বাংলাদেশ কিন্তু দ্বিতীয়ার্ধে চিরচেনা রূপে ফিরে যায়। কোরিয়ানরা মেতে ওঠে গোল-উৎসবে। জাং জং হুং একাই করেছেন ৭ গোল।