২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ক্রিকেট লিগে জহির, নাঈম, নাবিল, নাজমুলদের দিন

ইস্পাহানী মির্জাপুর চা অষ্টম জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে দ্বিতীয় দিনেও দুটো সেঞ্চুরি হয়েছে। সোমবার জহিরুল ইসলাম ও নাঈম ইসলামের সেঞ্চুরিতে রাজশাহী ২৭৭ রানের লিড নিয়েছে বরিশালের বিপক্ষে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2006, 08:26 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

বরিশালের ৯৩ রানের জবাবে স্বাগতিকরা ৭ উইকেটে ৩৭০ রান নিয়ে দিন শেষ করেছে।

ওদিকে ধানমন্ডি স্টেডিয়ামে অনুষ্ঠানরত ম্যাচে বেশ বিপদে পড়েছে ঢাকা। সিলেটের ৩৬৫ রানের জবাবে দ্বিতীয় দিনে ৮ উইকেট হারিয়ে ১৯৩ রান করেছে তারা। স্পিনার নাবিল আহমেদ (৪/৪২) ও পেসার নাজমুল হোসেনের (৩/৪১) মারাত্মক বোলিং এখন ফলো-অনের শংকার মুখে দাঁড় করিয়েছে ঢাকা বিভাগকে। ফলো-অন এড়াতে তাদের দরকার আরো ৩২ রান, হাতে আছে মাত্র দুই উইকেট।

অবশ্য খুলনা বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকরা ভালই জবাব দিচ্ছে। চট্টগ্রামের প্রথম ইনিংসের ২৪১ রানের চেয়ে আর মাত্র ৮ রান পিছিয়ে খুলনা, ৩ উইকেটে ২৩৩ রান করে দ্বিতীয় দিন শেষ করেছে তারা। এই রানের ভিত্তি গড়ে দিয়েছেন দুই ওপেনার নাজমুস সাদাত (৪৬) ও সাজ্জাদুল হাসান (৪২)। সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে জামাল উদ্দিন ৪২ রানে ও মানজারুল রানা ৫৯ রানে ব্যাট করছেন করছেন।

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকরা ৮৭ রানে ২ উইকেট হারানোর পর মূলত জহিরুল ও নাঈম তৃতীয় উইকেট জুটিতে ২১৫ রান যোগ করে একটি ভাল অবস্থানে নিয়ে যান দলকে। জহিরুল ১৮ টি চার ও দুটি ছয়ে ১৩৯ রান এবং নাঈম ১৭ টি চার ও দুটি ছক্কা দিয়ে সাজিয়েছেন তার ১২৬ রানের ইনিংস।