২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেশাদার লিগের দলবদল আবার পেছালো

ঠিক এই মুহূর্তে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আর দেশের তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই। মিলটা তাদের চরিত্রে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2006, 09:25 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

বলা হয়, এ সরকার এখনো দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে পারেনি। তেমনি ফুটবল ফেডারেশনও পারেনি পেশাদার লিগ চালু করার মতো পরিবেশ তৈরি করতে। দেশের রাজনীতির মতো ফুটবল অঙ্গনেও এখন দুটো পক্ষ। এক পক্ষ ফুটবল খেলোয়াড়রা, যারা পেশাদার ফুটবল লিগের দলবদলের দাবিতে মুখর। অন্যদিকে ক্লাবগুলো । নানা সমস্যার কথা বলে দলবদল পেছানোর দাবি তোলে তারা। বাংলাদেশের ফুটবলের নিয়ামক সংস্থা হয়েও বাফুফে দু-পক্ষকে সঙ্গে নিয়ে মাঠে ফুটবল গড়ানোর কোনো ইতিবাচক সিদ্ধান্তে আসতে পারেনা।

তাহলে কী সংক্রমন রোগেই আক্রান্ত ? সংক্রমণ হলে সেক্ষেত্রে বাফুফেকেই এ রোগের প্রথম বাহক বলতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেয়ার আগে থেকেই বাফুফে শুরু করেছিল পেশাদার লিগের দলবদলের নাটক। একবার দলবদলের সূচি ঘোষনা করে, অবার কদিন পর তা প্রত্যাহার করে নেয় বাফুফে। ঘোষনা দিয়ে তা গিলে খাওয়ার ঘটনা ঘটেছে মোট আটবার। সর্বশেষ গিলেছে সোমবার, মঙ্গলবার থেকে পেশাদার লিগের দলবদলের সর্বশেষ যে ঘোষনা দিয়েছিল তা-ও ধরে রাখতে পারেনি। সোমবার রাতে নতুন যে সূচি দিয়েছে তা ঠিক থাকলে দলবদল ১৪ ডিসেম্বর শুরু হয়ে চলবে ২০০৭ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত এবং ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্রথম পেশাদার লিগ।

অথচ দলবদলের দাবিতে গত তিনদিন ধরে আন্দোলন করছেন ফুটবলাররা। কাচঁঘেরা সুসজ্জিত বাফুফে ভবনের সামনে তারা অবস্থান ধর্মঘট করছেন বিভিন্ন ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে। ‘পনের কোটি মানুষের প্রাণের খেলা ফুটবলকে বাঁচানোর’ দাবিতে আয়োজিত এই অবস্থান ধর্মঘটে প্ল্যাকার্ডের ভাষা ছিল , ‘ফুটবলের টাকা আত্মসাৎকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই’ ও ‘দুর্নীতিবাজ কর্মকর্তাদের বাফুফে থেকে বিদায় দিতে হবে ’ ইত্যাদি। সোমবার এই অবস্থান ধর্মঘটে বর্তমান ফুটবলারদের সঙ্গে সংহতি প্রকাশ করতে এসেছিলেন সাবেক ফুটবল তারকারাও। মাঠে ফুটবল গড়ানোর দাবি জানিয়ে জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ ফুটবলের বর্তমান অবস্থাকে ব্যাখ্যা করেছেন এভাবে, “এখন মুমূর্ষু রোগীর মতো আমাদের ফুটবলের অবস্থা। অক্সিজেন দিয়ে চলছে। মাস্ক খুলে নিলেই সব শেষ হয়ে যাবে। ফুটবল উন্নয়নের জন্য লাখ লাখ ডলার আসছে ফিফা-এএফসি থেকে, তা কীভাবে ব্যবহার করা হয় জানি না।”

আরেক সাবেক তারকা জসিম উদ্দিন জোসি ফেডারেশন কর্মকর্তাদের সমালোচনা করে বলেছেন, “যারা ফুটবলারদের বদৌলতে দেশে-বিদেশে ঘুরে বেড়ান, বাফুফের চেয়ার দখল করে বসে আছেন, তারাই ফুটবলকে ভীষন পিছিয়ে দিয়েছেন।” আর রুম্মন বিন ওয়ালী সাব্বির তো বক্তৃতা দিতে উঠেই বলেছেন, “আমার খুব লজ্জা লাগছে।” ফুটবল খেলার জন্য খেলোয়াড়দের শেষপর্যন্ত আন্দোলনের পথ বেছে নিতে হবে এতটা বোধহয় তিনি কখনো ভাবেননি।

এছাড়াও সাবেক ফুটবল তারকা জহিরুল হক, গোলাম সারোয়ার টিপু, বাদল রায়, আবু নোমান নান্নু, কোচ ওয়াজেদ গাজী ও ব্রাাদার্সের অধিনায়ক জুয়েল রানা দলবদল ও লিগ শুরুর দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।

মঙ্গলবার থেকে যে দলবদল শুরু হওয়ার কথা ছিল তা-ও পিছিয়ে গেছে ক্লাবগুলোর দাবির মুখে। পেশাদার লিগে অংশগ্রহনেচ্ছু ১২ টি দলের সমন্বয়ক মোহামেডোনের অতিরিক্ত সাধারণ সম্পাদক মোস্তুাকুর রহমান বলেছেন, “বাফুফে নিয়ম করেছে পেশাদার লিগের জন্য ২৫ হাজার টাকা দিয়ে দলগুলোকে রেজিস্ট্রেশন করতে হবে এবং সেজন্য ১৩ ডিসেম্বরকে নির্ধারন করেছে। রেজিস্ট্রেশনের আগে দলবদল বৈধ নয়। তাই দল রেজিস্ট্রেশনের পর আগামী ১৫ ডিসেম্বর থেকে দলবদল করতে চাই। আমরা ১৫ ফ্রেব্রুয়ারি থেকেই লিগ শুরু করার জন্য বাফুফেকে অনুরোধ জানাবো।” ক্লাবগুলোর এই প্রস্তাব ফুটবলাররা মেনে নিলেও মোস্তাকুর রহমানের এ যুক্তির সঙ্গে একমত নন বাফুফে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল,“দলবদল অনুষ্ঠানে এটা কোনো বাধা নয়।”

কিন্তু এটা যে আসলেই একটা বাধা তা পরিস্কার হয়ে গেছে সোমবার রাতে নেয়া বাফুফের সিদ্ধান্তে। তারা মঙ্গলবার থেকে দলবদলের সিদ্ধান্তে অনড় থাকতে পারেননি। তত্ত্ববধায়ক সরকারের চরিত্রের সঙ্গে বাফুফের কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন কী!